পাসের হার কমেছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে
দক্ষ শিক্ষকের সংকটে পিছিয়ে পড়ছে তিন পার্বত্য জেলা

এবারের এসএসসির ফলাফলে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলার সেরা হয়েছে। এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২৪০ ছাত্রীর মধ্যে পাস করেছে ২২২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। তবে এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নয় বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক ও অবকাঠামোর সংকটের কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি বলে মনে করছে তারা।
জেলা সদরের তবলছড়িতে অবস্থিত এ বিদ্যালয়ে চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার। দুই শিফটের জন্য শিক্ষক আছেন ৩২ জন। অথচ প্রয়োজন ৫০ জনের বেশি শিক্ষক। আছে শ্রেণিকক্ষ ও ব্যবহারিক কক্ষের স্বল্পতাও।
শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক রাজশ্রী চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, জেলা সদর বিদ্যালয়ের যখন এই হাল, তখন প্রত্যন্ত উপজেলার অবস্থা আরও খারাপ। পার্বত্য জেলাগুলোতে শিক্ষকস্বল্পতা রয়েছে। আবার শিক্ষকেরা অনেক সময় বদলি হয়ে চলে যান। এ ছাড়া প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধারও অভাব আছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফলে আবার পিছিয়ে পড়েছে পার্বত্য জেলাগুলো। এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ হলেও পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে তা ৮০ শতাংশের নিচে। তিন জেলাতেই কমেছে পাসের হার। অবশ্য পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫।
পার্বত্য জেলায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের সংকট এবং অবকাঠামো-সুবিধার অভাবে পাসের হার কমেছে বলে মনে করছেন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, এসব জেলায় বিষয়ভিত্তিক, বিশেষ করে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। আবার যঁারা আছেন তাঁদের মধ্যে অনেকে দক্ষ ও অভিজ্ঞ নন। এসব কারণে পার্বত্য জেলায় পাসের হারে ধারাবাহিকতা থাকছে না। তবে সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, তিন পার্বত্য জেলা থেকে এবার ১৭ হাজার ৪৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ১১ হাজার ৪৭৮ জন। পাসের দিক দিয়ে ছাত্রদের তুলনায় এগিয়ে আছে ছাত্রীরা। পাস করা ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫ হাজার ৫৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৫ শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২০৭ জন।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি) ১ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৮ হাজার ১১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৯৯ হাজার ২২ জন। পাস করা ছাত্রের সংখ্যা ৪৬ হাজার ৫৯৮ জন, ছাত্রী ৫২ হাজার ৪২৪ জন। ৪ মে দুপুরে এ ফল ঘোষণা করা হয়।
পার্বত্য অঞ্চলের মধ্যে পাসের হার গতবারের তুলনায় বেশি কমেছে রাঙামাটি জেলায়, ২০ দশমিক ৪৯ শতাংশ। জেলায় এবারের পাসের হার ৬৩ দশমিক ৫১ শতাংশ, যা গতবার ছিল ৮৪ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৯৩৮ জন। পাস করে ৪ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১১৫ শিক্ষার্থী। অথচ তিন জেলার মধ্যে গতবার পাসের হার বেশি ছিল রাঙামাটিতে।
রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্মল চাকমা বলেন, জেলার ছয়টি সরকারি উচ্চবিদালয়ে শিক্ষক-সংকট রয়েছে। এর মধ্যে জুরাছড়ি, লংগদু ও রাজস্থলী ও নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ে ২৭ জন করে শিক্ষক থাকার কথা থাকলেো আছেন ৭ থেকে ৮ জন।
এদিকে সার্বিক হিসাবে পাসের হার কম খাগড়াছড়ি জেলায়। গত বছর ৭৮ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার করেছে ৬২ দশমিক ৬৩ শতাংশ। পাসের হার কমেছে ১৬ দশমিক ১১ শতাংশ। এ জেলায় ৭ হাজার ৭০৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৮২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ পরীক্ষার্থী।
খাগড়াছড়িতেও মাধ্যমিকে শিক্ষক-সংকটের কারণে ফল বিপর্যয় বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা। তিনি বলেন, জেলার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষকের পদ শূন্য। তা ছাড়া বিজ্ঞান ও ইংরেজির শিক্ষকের স্বল্পতা তো আছেই।
পার্বত্য জেলাগুলোর মধ্যে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বান্দরবান। এই জেলায় পাসের হার ৭৯ দশমিক ৬০ শতাংশ। গতবার ছিল ৮২ দশমিক ৬৪ শতাংশ। এ জেলার ২ হাজার ৮৪৬ শিক্ষার্থীর মধ্যে পাস করে ২ হাজার ২৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন।