‘পুলিশ সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য হলো, পুলিশের দক্ষতা ও সামর্থ্য বাড়ানো। মানুষ যেন পুলিশের কাছে সহায়তা নিতে আসে, আর পুলিশও যাতে তাদের সর্বোচ্চ সেবা দিয়ে সহায়তা দিতে পারে, তা সুনিশ্চিত করা।’ খাগড়াছড়ি টাউন হলে গতকাল রোববার বেলা ১১টায় আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) জাতীয় প্রকল্প পরিচালক নববিক্রম কিশোর ত্রিপুরা এ কথা বলেন।পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উপদেষ্টা আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, পুলিশ সংস্কার প্রকল্পের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক হেংক ভ্যান জিল, অতিরিক্ত জেলা প্রশাসক গিয়াস উদ্দিন মোগল, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।সমাবেশের আগে অতিরিক্ত আইজিপি নববিক্রম কিশোর ত্রিপুরা খাগড়াছড়ি মডেল থানা উদ্বোধন করেন। এরপর তিনি খাগড়াছড়ি টাউন হলে ২০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর উদ্বোধন ও হস্তান্তর করেন।