দক্ষরা তিন গুণ বেশি আয় করতে পারে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিদেশে বাংলাদেশের এক কোটি লোক বাস করেন। অনেকে ঝাড়ু দেন, দক্ষতা নেই। যাঁদের বাস্তব দক্ষতা আছে, তাঁরা কাজ করে তিন গুণ বেশি টাকা আয় করতে পারেন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জব প্লেসমেন্ট সেলিব্রেশন নামের ওই অনুষ্ঠানের আয়োজন করে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এসএমআইটি)।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। ভবিষ্যতে আমাদের ৭০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা দিতে হবে। আগে এই শিক্ষার হার ছিল ১ শতাংশ, এখন এটির হার ১৪ শতাংশ। ২০২০ সালে এটি হবে ২০ শতাংশ।’ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কেউ বেকার থাকে না বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে স্মার্ট ব্লাইন্ড স্টিক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বিশ্বব্যাংকের স্কিল অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রকল্পের পরিচালক এ বি এম আজাদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অপারেশনস অফিসার মো. মোখলেছুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন এসএমআইটির ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াছমিন। সভাপতিত্ব করেন এসএমআইটির চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া।