দক্ষিণ আফ্রিকায় খুন হওয়া দুই বাংলাদেশির লাশ বাড়িতে দাফন
দক্ষিণ আফ্রিকার ডারবানে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বাংলাদেশি মো. সহিদ উল্লা (৪০) ও আবু নাহারের (২৫) লাশ গতকাল বুধবার নোয়াখালীর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবার রাতে লাশ দুটি গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।নিহত মো. সহিদ উল্লা বেগমগঞ্জ উপজেলার মুজাহিদপুর গ্রামের নূর উল্লার ছেলে এবং আবু নাহার সদর উপজেলার কাদিরহানিফ গ্রামের মো. ওবায়দুল হকের ছেলে। ডারবান শহরে ৭ নভেম্বর রাতে নিজেদের দোকানে ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা টিনের চালা কেটে ঢুকে গলা কেটে তাঁদের হত্যা করে।সহিদ উল্লার স্ত্রীর বড় ভাই মো. বাদশা প্রথম আলোকে জানান, হত্যাকাণ্ডের আনুমানিক দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা সহিদ ও নাহারের দোকান থেকে সাত লাখ টাকা চাঁদা নেয়। এরপর আরও তিন লাখ টাকা দাবি করে। ওই টাকা না পেয়ে তাঁদের মারধর করা হয়। মারধরের পর থানায় মামলা করলে তারা ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড এ ঘটায়।বাদশা জানান, আবু নাহার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর তিন ভাইয়ের মধ্যে দুই ভাই প্রতিবন্ধী।