দক্ষিণ আফ্রিকায় খুন হওয়া মির্জাপুরের যুবকের লাশ দাফন
দক্ষিণ আফ্রিকায় খুন হওয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যুবক মো. খোরশেদ আলমের (২৮) লাশ গত বুধবার রাতে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দাফন করা হয়েছে। খোরশেদ মির্জাপুর উপজেলার পাথরঘাটা টানপাড়া গ্রামের আবু সাইদের ছেলে। আবু সাইদ ও গ্রামবাসী সূত্র জানায়, দুই ভাই ও এক বোনের মধ্যে খোরশেদ আলম বড়। প্রায় সাত বছর আগে খোরশেদ ভাগ্য অন্বেষণে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান। কেপটাউনে বছর খানেক তিনি অন্যের দোকানে কাজ করেন। এরপর অংশীদারির ভিত্তিতে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি লাভজনক হয়েছিল। ১০ আগস্ট এক বন্ধুর ফোন পেয়ে খোরশেদ পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথে আফ্রিকার এক লোক তাঁর গতি রোধ করে। খোরশেদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি খোরশেদের বুকে ও পেটে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। ১০ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে খোরশেদের নিহত হওয়ার খবর পান আবু সাইদ ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার পরদিন খোরশেদের লাশ আনার জন্য দক্ষিণ আফ্রিকায় ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। এক সপ্তাহ পর বুধবার দিবাগত রাতে খোরশেদের লাশ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাড়ি এনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জানাজা শেষে পাথরঘাটা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।