দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের অদূরে ডাকাতের গুলিতে বাংলাদেশি এক দোকানকর্মী নিহত হয়েছেন। নিহত মালেক ব্যাপারীর (৪৮) বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসার গ্রামে।
১৩ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কেপটাউন শহরের অদূরে সল্ট রিভার আলবাট রোড এলাকার একটি দোকানে ঘটনাটি ঘটেছে।
মালেক ব্যাপারীর লাশ গতকাল সোমবার সকালে হালইসার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, হালইসার গ্রামের করিম বক্স ব্যাপারীর ছেলে মালেক ব্যাপারী ২০০৮ সালে কাজের সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান।
দুই বছর থেকে কেপটাউন শহরের পাশে সল্ট রিভার আলবাট রোড এলাকায় একটি সুপারশপে ব্যবস্থাপকের চাকরি করতেন। বিসমিল্লাহ জেনারেল ডিলার নামের দোকানটির মালিকের বাড়িও একই উপজেলার ইছাপাশা গ্রামে।
১৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে নয়টার দিকে পাঁচ-ছয়জন অস্ত্রধারী ডাকাত দোকানটিতে হানা দেয়।
মালেক ব্যাপারী তাদের বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাঁকে গুলি করে।
এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দোকানমালিক আলমগীর হোসেন গত রোববার মালেকের লাশ নিয়ে বাংলাদেশে আসেন। গতকাল সকালে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মালেক ব্যাপারীর স্ত্রী মাহমুদা খানম বলেন, ‘পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তিনি (মালেক) বিদেশে গিয়েছিলেন। আমাদের স্কুলগামী দুটি সন্তান রয়েছে। সন্তানদের নিয়ে এখন আমি কীভাবে বাঁচব? মাহমুদা বলেন, ‘ফেব্রুয়ারি মাসে তাঁর (মালেক ব্যাপারী) দেশে আসার কথা ছিল। কিন্তু মানুষটি লাশ হয়ে দেশে ফিরলেন। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আলমগীর হোসেন বলেন, ডাকাতির ঘটনাটিতে ওই শহরে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি জানান, অস্ত্রধারীরা দক্ষিণ আফ্রিকার নাগরিক। সেখানকার সন্ত্রাসীরা নিয়মিত বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মীদের কাছ থেকে চাঁদা আদায় করে। কেউ প্রতিবাদ করলেই তাঁকে মেরে ফেলা হয়।