দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত বুধবার সন্ধ্যায় চাঁদা না পেয়ে আজাদ হোসেন (৩০) নামের বাংলাদেশি এক দোকানিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউপির রশিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের আবদুর রবের ছেলে। এ ঘটনায় আজাদের দোকানের দুই কর্মচারীও গুলিবিদ্ধ হয়েছেন। হত্যাকাণ্ডের খবর দেশে গ্রামের বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারে মাতম চলছে। পরিবার সূত্রের বক্তব্যমতে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী আজাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে রাজি না হলে সন্ত্রাসীরা আজাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আজাদ মারা যান এবং দোকানের অন্য দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আজাদের মা-বাবা ছেলের লাশ আনার ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।