দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন
দাবিকৃত চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় প্রবাসী এক বাংলাদেশি যুবক আবু ছায়েদকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার ব্লমফনটিন শহরে ওই ঘটনা ঘটে।নিহত আবু ছায়েদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আবু নাছেরের ছেলে। গত বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তাঁর মৃত্যুর খবর আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে আবু ছায়েদ দক্ষিণ আফ্রিকায় যান। গত বছর থেকে ব্লমফনটিন শহরে ফুপাতো ভাই ইউসুফের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাঁর আগে আবু ছায়েদ ওই শহরে বসবাসরত তিন বাংলাদেশি যুবকের সঙ্গে ব্যবসা করতেন। ছায়েদ নিজে ব্যবসা শুরু করায় তাঁদের সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ওই তিন প্রবাসী বাংলাদেশি ছায়েদের কাছে তাঁদের ব্যবসার ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বুধবার চাঁদার টাকা দেওয়া-নেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যুবকেরা আবু ছায়েদকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে স্থানীয় অন্য বাংলাদেশিরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ছায়েদের বাবা আবু নাছের সাংবাদিকদের বলেন, ‘যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, আমার ছেলের হত্যাকারীরা ওই শহরেই থাকে। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি বেগমগঞ্জের গোপালপুর এলাকায়।’