দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের দুই ব্যক্তি খুন
এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই যুবক খুন হয়েছেন।নিহত যুবকেরা হলেন: উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৮) এবং একই ইউনিয়নের কুর্নী গ্রামের সোনাম উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন (৩৫)।ওই যুবকদের পারিবারিক সূত্র জানায়, সেলিম দক্ষিণ আফ্রিকার লেটেনবার্গ শহরে ১১ বছর ধরে ব্যবসা করছিলেন। গত ২২ জানুয়ারি দুষ্কৃতকারীরা তাঁকে অপহরণ করে। ২৬ জানুয়ারি রাজধানী জোহানেসবার্গের একটি রাস্তার পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার টেক্সিবার্গ শহরে ময়েজের দোকানে ঢুকে দুষ্কৃতকারীরা তাঁকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। গত বুধবার রাতে সেলিমের লাশ তাঁর বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে থলপাড়া কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, ওই দুজনের মৃত্যুর সংবাদ তাঁরা শুনেছেন। এ বিষয়ে কেউ সহযোগিতা চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।