দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার ট্রান্সকাই শহরের লুছিকিছিকি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইফতেখার হোসাইন ওরফে টিপু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন৷ গত সোমবার স্থানীয় সময় সাড়ে ছয়টার দিকে (বাংলাদেশ সময় সাড়ে ১০টার দিকে) এ ঘটনা ঘটে৷
গত সোমবার রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ইফতেখার হোসাইনের দুই ভাই তাঁর নিহত হওয়ার খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানান।
নিহত ইফতেখার নোয়াখালী শহরের সোনাপুর এলাকার মরহুম মুক্তিযোদ্ধা সেকান্দার হোসেনের ছেলে। তিনি প্রায় আঠার বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন৷
নিহত ইফতেখারের মামা বদিউল আলম প্রথম আলোকে বলেন, তাঁর ভাগনে দক্ষিণ আফ্রিকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি হাইস্কুলে শিক্ষকতা করতেন৷ পাশাপাশি ট্রান্সকাই শহরের লুছিকিছিকিতে ব্যবসা করতেন৷ কয়েক দিন আগে স্থানীয় একদল সন্ত্রাসী ইফতেখারের কাছে চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে সন্ত্রাসীরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল৷