দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।নিহত যুবকের নাম মো. শরীফ মিয়া (২১)। তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে। আহত ব্যক্তিদের মধ্যে মো. ইউসুফ নিহত শরীফের ভগ্নিপতি। অপরজন আখাউড়ার মো. কামরুল (২২)। দক্ষিণ আফ্রিকা থেকে কামরুল গতকাল বুধবার রাতে প্রথম আলোকে জানান, শরীফ মিয়া তাঁর বড় দুই ভাই কাসেম মিয়া ও হান্নান মিয়া দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি দোকান চালান। রোববার বিকেলে তাঁদের এই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে স্থানীয় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে। এতে তিনিসহ তিনজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর শরীফ মারা যান। তাঁর ভগ্নিপতি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কামরুল জানান, তিনি এখন সুস্থ আছেন। শরীফের লাশ আজ বৃহস্পতিবার সকালের মধ্যে বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।