দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম (৩০) ও গুরুতর আহত মিজানুর রহমানের (৩২) বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামে। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত তিনটায় সন্ত্রাসীদের হামলার শিকার হন তাঁরা। রবিউল ও মিজান দুই বন্ধু মিলে কেপটাউন শহরে খুচরা পণ্যের দোকান (ডিপার্টমেন্টাল স্টোর) পরিচালনা করতেন। রবিউলের বড় ভাই জয়দুল হোসেন জানান, গতকাল সকালে শিপন নামের আরেক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে সন্ত্রাসীদের গুলিতে রবিউলের মৃত্যুর খবর দিয়েছেন। তিনি জানান, ঘটনার সময় রবিউল ও মিজান দোকানেই ছিলেন। একদল সন্ত্রাসী হঠাৎ তাঁদের দোকানে ঢুকে গুলি করতে শুরু করে। একটি গুলি রবিউলের মাথায় লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আর হাতে গুলি লেগে গুরুতর জখম হন মিজান। জয়দুল বলেন, দেড় বছর আগে রবিউল ও মিজান দক্ষিণ আফ্রিকায় গিয়ে যৌথ মালিকানায় ব্যবসা শুরু করেন। রবিউল ছয় বছর আগে একই উপজেলার চরবড়ালী গ্রামের রুবিনা আক্তারকে বিয়ে করেন। তাঁদের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে মিজানও বিবাহিত ও দুই সন্তানের জনক।