দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়ায় ওয়াজফিয়া নাজরীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া অ্যাকোনকাগুয়া জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী ওয়াজফিয়া নাজরীন। আর এই সাফল্য এসেছে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের বিজয়ের চার দশক পূর্তির দিনটিতে। আন্দেজ পর্বতমালায় ছয় হাজার ৯৬২ মিটার (২২ হাজার ৮৪১ ফুট) উঁচু অ্যাকোনকাগুয়ার চূড়ায় ওয়াজফিয়া ১৬ ডিসেম্বর বেলা তিনটা ২৫ মিনিটে ওড়ান বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ই-মেইলে ওয়াজফিয়া জানান, ৪ ডিসেম্বর তিনি আর্জেন্টিনার এই পর্বতে অভিযান শুরু করেছিলেন। তিনি বলেন, ‘আমিসহ পাঁচজনের একটি দল ছিল আমাদের। চূড়া জয় করার পর আমরা ১৮ ডিসেম্বর নিচে নেমে আসি।’স্বাধীনতার ৪০ বছর পূর্তির বছরে বাংলাদেশের চার দশকের নানা সাফল্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে ওয়াজফিয়া গত জুলাই মাসে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ কর্মসূচি শুরু করেন। তিনি বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছেন। ওয়াজফিয়া নাজরীন তাঁর কর্মসূচির মাধ্যমে সাত মহাদেশের সাতটি পর্বতচূড়া (সেভেন সামিট) জয় করার পরিকল্পনা করেছেন। অ্যাকোনকাগুয়া জয়ের মাধ্যমে দুই মহাদেশের দুটি পর্বতচূড়ায় আরোহণ করলেন তিনি। এর আগে গত ২ অক্টোবর তিনি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো জয় করেন।