দক্ষিণ উপকূলে কোটি মানুষ ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার এক বছর পরও বরগুনায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ না হওয়ায় জেলার অধিকাংশ এলাকার মানুষ ঝুঁকির মধ্যে আছে। এসব বাঁধের অভাবে শুধু বরগুনা নয়, বরিশালের ছয় জেলার প্রায় এক কোটি মানুষের জীবন ও জীবিকা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বরাদ্দ না পাওয়ায় বাঁধ সংস্কার ও নির্মাণ করা যায়নি বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বরগুনার বিভিন্ন এলাকার বাঁধগুলোর সংস্কার আজও হয়নি। এতে চলতি মৌসুমে স্বাভাবিক জোয়ারে জেলার বেশির ভাগ এলাকার ফসলি জমিতে পানি ঢুকে পড়ছে। আউশ ও আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। একই সঙ্গে বড় কোনো ঝড়-জলোচ্ছ্বাস হলেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে জেলার বেশির ভাগ মানুষ। পাউবো বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরে ছয় জেলায় প্রায় ১৮০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৪০০ কিলোমিটার বাঁধের আংশিক ক্ষতি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় বঙ্গোপসাগর তীরের জেলা বরগুনায়। এই জেলার ২২টি পোল্ডারের আওতায় ৫৪ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় বরিশালের ছয় জেলায় ৫২৭ কিলোমিটার বাঁধের মধ্যে ৬৮ দশমিক ৮ কিলোমিটার সম্পূর্ণ ও ৫ দশমিক ১৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।কর্মকর্তারা আরও জানান, আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও বাঁধের উচ্চতা বৃদ্ধির জন্য ১৩২ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। বরাদ্দ পাওয়া যায় মাত্র ২৩ কোটি টাকা। এই অর্থ দিয়ে ওই সময় বরিশালে এক কিলোমিটার, ভোলায় ৩৫ কিলোমিটার, ঝালকাঠি ও পিরোজপুরে ২ দশমিক ৭৫ কিলোমিটার, বরগুনায় ৫ দশমিক ৩ কিলোমিটার, পটুয়াখালীতে ১ দশমিক ৭৫ কিলোমিটারসহ মোট ৬০ কিলোমিটার বাঁধ সংস্কার করা হয়। চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে মাত্র এক কোটি টাকা। বরগুনা পাউবো কার্যালয়ের কর্মকর্তারা জানান, আর্থিক হিসাবে বরগুনা জেলায় ঘূর্ণিঝড় আইলায় জেলার ১৪২ দশমিক ১৩ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়। এসব সংস্কারের জন্য ৪৫ কোটি ৭০ লাখ টাকার চাহিদাপত্র পাঠানো হয়। গত অর্থবছরে (২০০৮-২০০৯) মাত্র এক কোটি নগদ টাকা ও দেড় হাজার মেট্রিক টন খাদ্যশস্য দিয়ে যেনতেনভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দীন আহমেদ বলেন, ‘আইলায় ক্ষতিগ্রস্ত ১৪২ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র ১৫ কিলোমিটার আমরা সংস্কার করতে পেরেছি। বাকিটা অর্থাভাবে সম্ভব হয়নি। এতে জেলার অধিকাংশ এলাকা অরক্ষিত রয়েছে।’জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বলেন, ‘পরিস্থিতি সাময়িক সামাল দিতে আমি ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাদের সহায়তায় ভেঙে যাওয়া বাঁধের প্রায় ৩০টি অংশ সংস্কার করেছি। কিন্তু সেসব বাঁধ অতিরিক্ত পানির চাপ সহ্য করার যোগ্য নয়।’বামনা উপজেলার দক্ষিণ রামনা, গোলাঘাটা, কাকচিঁড়া, রামনা ও কড়ইতলা এলাকায় বিষখালী নদীতীরের বাঁধ আইলায় বিলীন হওয়ার পর আর সংস্কার হয়নি। দক্ষিণ রামনা গ্রামের কৃষক আলী আকবর বলেন, ‘কী হরমু, জাগায় ধান রুই (বপন) আর জোয়ারের পানিতে তলাইয়্যা সব পইচ্চা যায়। বান (বাঁধ) না থাহনে মোগো মরণদশা অইছে।’ ওই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, ‘একটি বাঁধ সংস্কার না হওয়ায় গত দুই মৌসুম ধরে ওই সব এলাকার কয়েক হাজার কৃষক (১৬০ হেক্টর ফসলি জমি চাষাবাদকারী) চরম দুর্দশায় পড়েছেন।’পাউবোর বরিশাল কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুর রব গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে আমরা বারবার চিঠি লিখেছি। আশা করি শিগগিরই আরও অর্থ বরাদ্দ পাওয়া যাবে।’