দক্ষিণ উপকূলের জেলেরা সাগরে যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা ও পটুয়াখালীসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় সশস্ত্র জলদস্যুদের হাতে মাছ ধরার ট্রলার লুট এবং অপহরণের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত সোমবার জলদস্যুদের গুলিতে ফারুক মুন্সি নামের এক জেলে নিহত এবং কালু মিয়া নামের অন্য একজন গুলিবিদ্ধ হওয়ার পর এই আতঙ্ক আরও বেড়েছে।ওই ঘটনার পর বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন ঘাটে অসংখ্য ট্রলার নোঙর করে জেলেরা আতঙ্কিত সময় কাটাচ্ছেন। সোমবার জলদস্যুদের হাতে অপহূত ৭৭ জন জেলেকে গতকাল বৃহস্পতিবারও উদ্ধার করা যায়নি। তাঁদের মধ্যে পাথরঘাটার জেলে ১৬ জন। অন্যদের বাড়ি বরগুনা, কলাপাড়া, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানিয়েছেন, জলদস্যুরা জনপ্রতি এক লাখ টাকা করে পণ দাবি করায় তাঁদের ছাড়িয়ে আনা যাচ্ছে না।এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. মুশফিক জানান, অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের পশ্চিম জোনের সদস্যদের সঙ্গে তাঁরাও মঙ্গলবার থেকে যৌথভাবে অভিযান চালাচ্ছেন। কলাপাড়ার কমান্ডার নুরুল ইসলাম জানান, অপহূতদের উদ্ধারে খুলনা ও পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট ইতিমধ্যে সুন্দরবনসংলগ্ন কটকা ও বলেশ্বর এলাকায় অভিযানে নেমেছে।পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে নোঙর করা ট্রলারের জেলেরা জানান, সুন্দরবনকেন্দ্রিক জলদস্যুরা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তাতে তাঁরা সাগরে নামার ভরসা পাচ্ছেন না। আগে জলদস্যুরা ট্রলারে লুটপাট চালিয়ে জেলেদের অপহরণ করত; অপহূত জেলেদের মুক্তি দিতে জনপ্রতি ২০-২৫ হাজার টাকা করে পণ আদায় করত। কিন্তু গত ১০ জুন কোস্টগার্ড ও র‌্যাবের ক্রসফায়ারে জলদস্যু রাজু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও রাজুর ভগ্নিপতি কুদ্দুস মোল্লা ওরফে নাতি কুদ্দুস, আরব আলী ওরফে কোম্পানি আরব এবং ইদ্রিস আলী ওরফে রাঙা ইদ্রিস নিহত হওয়ার পর জলদস্যুরা মারমুখী ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। এখন তারা জেলেদের ওপর গুলি ছুড়ছে; মারধর ও হত্যা করছে। অপহূত জেলেদের মুক্ত করতে এখন জনপ্রতি এক লাখ টাকা করে পণ দাবি করা হচ্ছে।জেলা ট্রলার মালিক সমিতির একজন নেতা জানান, ইলিশ মৌসুমের শুরুতে অধিকাংশ জেলে ১৫ থেকে ২৫ হাজার টাকা দিয়ে জলদস্যুদের নিরাপত্তার টোকেন কিনেছেন। কিন্তু তার পরও তাঁরা নিস্তার পাচ্ছেন না। এখন আবার তাঁদের নতুন করে নিরাপত্তা টোকেন কেনার জন্য বলা হচ্ছে।কলাপাড়ার মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বর্তমানে তাঁদের মধ্যে ‘অপহরণ আতঙ্ক’ দেখা দিয়েছে। ভরা মৌসুমেও জেলেরা গভীর সাগরে ইলিশ শিকারে যেতে পারছেন না। গত সোমবার জলদস্যুদের লুটপাট ও অপহরণের পর গভীর সাগর থেকে বেশির ভাগ জেলে উপকূলে ফিরে এসেছেন।