দক্ষিণ এশিয়া স্যাটেলাইটে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার একটি চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা নিজ নিজ পক্ষে চুক্তি সই করবেন।
আগামীকাল বেলা তিনটায় বিটিআরসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের উদ্যোগে উৎক্ষেপণ হতে যাওয়া সাউথ এশিয়া স্যাটেলাইটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিটিআরসির সচিব সরোয়ার আলম।
ভারতের উদ্যোগে সার্কসহ আশপাশের কয়েকটি দেশ মিলে দক্ষিণ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। ইতিমধ্যে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশ এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছে। তবে পাকিস্তান ও আফগানিস্তান এ কার্যক্রমে অংশ নেবে না।
এদিকে গত সোমবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য বাধা হবে না, এমন শর্তে ভারতের ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’ উৎক্ষেপণে বাংলাদেশের অংশগ্রহণে সম্মতি জানায় মন্ত্রিসভা।