দক্ষিণ এশিয়ার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়নে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ও জনসাধারণকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দেশগুলোর মধ্যে পারস্পরিক মতের আদান-প্রদান বাড়াতে হবে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দক্ষিণ এশিয়ার স্পিকারদের সম্মেলনে আজ শনিবার দেশগুলোর আইনসভার স্পিকাররা এ কথা বলেছেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই সম্মেলন। আগামীকাল রোববার সম্মেলনের শেষ দিন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), বাংলাদেশ জাতীয় সংসদ ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এই সম্মেলনের আয়োজন করেছে।

উদ্বোধনী অধিবেশনে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেন, একুশ শতক হবে এশিয়ার। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দক্ষিণ এশিয়া। এ অঞ্চলের টেকসই উন্নয়ন বাস্তবায়নে কিছু প্রতিবন্ধকতা আছে। একে সুযোগে পরিণত করতে হবে। এ অঞ্চলের জলবায়ু, দারিদ্র্য ও ক্ষুধাসহ অন্যান্য সমস্যার ধরন একই রকম। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ বাড়াতে হবে। নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। টেকসই উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ স্বাস্থ্য। তাই স্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে সংসদ, সাংসদ ও স্পিকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার একা কাজ করবে না। সংসদ ও সাংসদদেরও কাজ করতে হবে।

ভুটানের স্পিকার জিগমে জাংপো বলেন, টেকসই উন্নয়নে দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তাই এ অঞ্চলের গণতান্ত্রিক ও সামাজিক উন্নয়নে দেশগুলোর মধ্যে মতের আদান-প্রদান বাড়াতে হবে।

মালদ্বীপের স্পিকার আবদুল্লাহ মাসেহ মোহাম্মদ বলেন, সুস্থ ও সুখী জাতি টেকসই উন্নয়নের অন্যতম লক্ষ্য। সেখানে সংসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ, আইনসভা সব কাজের কেন্দ্রবিন্দু।