দক্ষিণ এশিয়ার গণমাধ্যম রাজনীতি ও আন্তদেশীয় বিরোধের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির উদ্যোগে আয়োজিত দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে গতকাল ‘সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম l ছবি: প্রথম আলো
সিপিডির উদ্যোগে আয়োজিত দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে গতকাল ‘সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম l ছবি: প্রথম আলো

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমগুলো এই অঞ্চলের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তদেশীয় বিরোধের শিকার হচ্ছে। এই বিরূপ পরিস্থিতির মধ্যেও দক্ষিণ এশিয়ার স্বকীয়তা বজায় রাখতে নতুন পথ খোঁজা এবং সেই পথে হাঁটতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।
গতকাল রোববার নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে ‘প্রমোটিং সাউথ এশিয়ান আইডেন্টিটি: রোল অব মিডিয়া’ শীর্ষক অধিবেশনে এ বিষয়ে আলোচনা হয়। দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নেন। অধিবেশনে মুক্ত আলোচনায় অংশ নেন ভারতের দুজন অধ্যাপকসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
ভারত ও পাকিস্তানের বিরোধ প্রসঙ্গে অনুষ্ঠানের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, তিনি তাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন, কিন্তু বিরোধের জন্য কষ্ট পান। একজন সাংবাদিক হিসেবে তাদের বিরোধে হতাশ হন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করতে পারি। কিন্তু তাদের বাইরে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশের গণমাধ্যম মিলে সহযোগিতামূলক একটি পরিবেশ তৈরির জন্য কাজ করতে পারে।’ ভারতে না পারলেও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের সঙ্গে লিংকআপ করার চেষ্টা করতে পারে বলে মত দেন মাহ্ফুজ আনাম। তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠান বিনিময় করতে পারি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি কি না, সেটি ভেবে দেখার বিষয়।’
পাকিস্তানের ইনফোচেঞ্জ নিউজ অ্যান্ড ফিচারস নেটওয়ার্কের (আইএনএফএন) প্রতিষ্ঠাতা সম্পাদক শাফকাত মুনির আহমাদ বলেন, দক্ষিণ এশিয়ার গণমাধ্যমে রাজনীতি হচ্ছে ‘লাভলি, জুসি অ্যান্ড সেক্সি’ বিষয়। এই অঞ্চলের ক্ষুধা, দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষার নানা সমস্যা ও বিভিন্ন সূচকে অবনতির চেয়ে রাজনীতি বেশি গুরুত্ব পায়।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশে ভারতের চ্যানেল সহজে দেখা গেলেও ভারতে বাংলাদেশের চ্যানেল যেতে না পারাটা দুঃখজনক। তিনি বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল প্রবেশ করার ক্ষেত্রে এত বেশি পরিমাণ টাকা লাগে যে, যা দেওয়া বাংলাদেশের চ্যানেলগুলোর পক্ষে সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বাংলাদেশের একটি উদাহরণ টেনে বলেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার আগে তাঁর একটি লেখা ছাপার জন্য বাংলাদেশের দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারকে দেন। পত্রিকা দুটি তা বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করে। কিন্তু চীনের প্রেসিডেন্টের অনুষ্ঠানে ওই দুটি পত্রিকার সাংবাদিকেরা যেতে পারেননি।
ভুটানের কুয়েনসেল পত্রিকার সম্পাদক রিনজিন ওয়াংচুক বলেন, এই অঞ্চলের গণমাধ্যম আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আন্তরিক নয়। তিনি মনে করেন, দক্ষিণ এশিয়ার একক পরিচিতি হারিয়ে গেছে। দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের ওপর মূলত ভারত ও পাকিস্তান কর্তৃত্ব করে।
নেপাল টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শোভা শ্রেষ্ঠা বলেন, দক্ষিণ এশিয়ার তরুণেরা ইউরোপ-আমেরিকার জন্য স্বপ্ন দেখেন। অনেক ক্ষেত্রেই জন্মভূমি কম গুরুত্ব পায়। এ জন্য এই অঞ্চলের গণমাধ্যম ও সাংবাদিকেরা দায়ী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গণমাধ্যম পাশ্চাত্য গণমাধ্যমগুলোকে ব্যাপকভাবে অনুসরণই শুধু করে না, পশ্চিমা বীরদের তুলে ধরে ও সেখানকার বিভিন্ন চরিত্র প্রতিষ্ঠার চেষ্টা করে।
একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, দক্ষিণ এশিয়ায় কোনো ব্যক্তির পাসপোর্টে পেশা যদি সাংবাদিক লেখা থাকে, তাহলে ভিসা পাওয়া খুব কঠিন। দীর্ঘ সময় ধরে সাংবাদিকের ভিসা সহজ করার দাবি তোলা হচ্ছে। বাংলাদেশে পুরোনো আইন, নতুন আইন এবং আইন না থাকার বিষয়গুলো কোনো কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইনের মধ্যে তথ্যপ্রযুক্তি আইন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইন না থাকাটাও সমস্যা, যেমন এতগুলো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স কীভাবে দেওয়া হয়েছে।