দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়তে হবে: পর্যটনমন্ত্রী

অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়তে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের সমন্বয়ে গঠিত পর্যটন সংস্থা ‘উই এশিয়া’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘নেচার, কালচার, অ্যাডভেঞ্চার দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্নতা দিয়েছে। তাই টুরিস্ট ডেসটিনেশন হিসেবে এ রিজিওনকে প্রোমোট করতে অভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিরবচ্ছিন্ন ক্যাম্পেইন করতে হবে। এ জন্য বৈদেশিক নীতি ও ভিসাপ্রক্রিয়া যেমন পর্যটকবান্ধব হতে হবে, তেমনি স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব বিবেচনায় এখনই সময় এই উদ্যোগ গ্রহণের।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, এই অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে। রাজনৈতিক সীমানা এই আবেগকে আটকাতে পারে না। সারা বিশ্ব এখন এক ও অখণ্ড। তাই এ অঞ্চলের দেশগুলোকে যেকোনো সফল উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, জার্নপ্লাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।