নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত-বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সমস্যা গভীর। এসব দেশে মা ও শিশুমৃত্যু এবং অপুষ্টির হার অনেক বেশি। এ সমস্যা সমাধানে বহুমুখী ও সামগ্রিক প্রচেষ্টা দরকার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল শনিবার ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অমর্ত্য সেন এ কথা বলেন। ‘শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভারত-বাংলাদেশ সংলাপ: প্রতিবেশীর কাছ থেকে শিক্ষণীয়’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা সভার প্রথম দিন শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্র্যাক, সিপিডি, প্রচীতী ট্রাস্ট ও ইউনিসেফ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ ও ভারতের মতো দেশে অপুষ্টির শিকার মা ও কিশোরীর হার অনেক বেশি। অপুষ্টির শিকার মা পুষ্টিহীন শিশুর জন্ম দেন। মা-মেয়েদের ওপর অবহেলা শিশুদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। অপুষ্টির শিকার মায়ের শিশুর হূদরোগ বেশি হয়।এক প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, ভারত ও বাংলাদেশের সাধারণ কিছু স্বাস্থ্য সমস্যা আছে। আবার প্রতিবেশী এই দুই দেশ একে অন্যের কাছ থেকে কী শিখতে পারে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনার দরকার আছে। তিনি বলেন, দুই দেশের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে নানা সমস্যা তুলে ধরার জন্য এ সংলাপের আয়োজন করা হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই দেশের সরকারের কাছে বিকল্প স্বাস্থ্যনীতি বা কর্মসূচি উপস্থাপন করা এ সংলাপের উদ্দেশ্য নয়। সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক রওনক জাহান বলেন, অমর্ত্য সেনের নেতৃত্বে ‘কলকাতা গ্রুপ’ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে নিয়মিত আলোচনা করে। ১৫-১৬ ফেব্রুয়ারি কলকাতায় এ আলোচনা হবে। তার আগে একই বিষয়ে ঢাকায় ১৩-১৪ ফেব্রুয়ারি এই সংলাপের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয় এবং ব্র্যাকের স্বাস্থ্য শাখার পরিচালক ফারুক আহমেদ।সাংবাদিকেরা বাংলাদেশের স্বাস্থ্যনীতি ও কর্মসূচি নিয়ে অমর্ত্য সেনকে একাধিক প্রশ্ন করেন। এসব বিষয়ে বিস্তারিত ও সুনির্দিষ্ট ধারণা এবং তথ্য না থাকার বিষয় উল্লেখ করে তিনি প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। বিরোধী দলের ভূমিকা ও বিরোধী দলের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি বিষয়ে এক প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, বিরোধী দলের ভূমিকাকে অবহেলা করা যেমন ঠিক নয়, তেমনি বিরোধিতা যাঁরা করছেন তাঁরা জনকল্যাণে তা করছেন কি না, তাও বিবেচনায় নেওয়া দরকার।সরকার তাদের এই সংলাপকে কীভাবে দেখছে? এর উত্তরে রওনক জাহান বলেন, সরকারের ভূমিকাকে ইতিবাচক মনে হয়েছে।আরেক প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, স্কুলে শিশুদের খাবারের খরচ স্বাস্থ্য নাকি শিক্ষা খাত থেকে আসবে, তা নির্ভর করবে সরকারের নিজস্ব বিচার-বিবেচনা। তবে তিনি মনে করেন, স্কুলে খাবারের ব্যবস্থা করলে ঝরে পড়ার হার কমবে।