দক্ষিণ এশিয়ার পুষ্টি পরস্থিতি আফ্রিকার চেয়ে খারাপ
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুষ্টি-পরিস্থিতি পৃথিবীর যেকোনো অঞ্চলের চেয়ে খারাপ। এমনকি আফ্রিকার পুষ্টি-পরিস্থিতি এ অঞ্চলের চেয়ে ভালো। এই অপুষ্টির প্রকোপ দূর করতে হলে বহুপক্ষীয় উদ্যোগের ওপর জোর দিতে হবে।গতকাল মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার পুষ্টি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের আঞ্চলিক সম্মেলনে বিশ্বব্যাংকের কর্মকর্তারা এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যাবিষয়ক সেক্টর ম্যানেজার জুলি ম্যাকলোগলিন বলেন, এ অঞ্চলের দেশগুলোতে শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত আছে। কিন্তু পুষ্টি-পরিস্থিতির উন্নতিতে এর কোনো প্রভাব পড়ছে না। তিনি বলেন, বিশ্বব্যাংক একে ‘এশিয়ান পাজেল’ বলে মনে করছে।দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি-বেসরকারি প্রতিনিধি এবং বিশ্বব্যাংক, জাতিসংঘ শিশু তহবিল ও অন্যান্য দাতা সংস্থার ২০৭ জন প্রতিনি অংশ নিচ্ছেন। বিশ্বব্যাংক, ইউনিসেফ ও সাউথ এশিয়া ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভ এই সম্মেলনের আয়োজন করেছে।বিশ্বব্যাংক বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায় ৫০ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। আফ্রিকার উপসাহারা এলাকায় এই হার ১৫ শতাংশ। গর্ভাবস্থায় আফ্রিকার নারীদের ওজন গড়ে ১০ কেজির মতো বাড়ে, তুলনায় দক্ষিণ এশিয়ার গর্ভবতী নারীদের ওজন বাড়ে গড়ে পাঁচ কেজি। দক্ষিণ এশিয়ার ছয় থেকে নয় মাস বয়সী ৫৩ শতাংশ শিশু মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাদ্য পায়; আর আফ্রিকার উপসাহারা এলাকায় এই হার ৬৮ শতাংশ।সম্মেলনের উদ্দেশ্য এ অঞ্চলের বিভিন্ন দেশে নেওয়া উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময় করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা। সম্মেলনে আটিটি দেশের ২০ জন সাংবাদিকও অংশ নিচ্ছেন।সম্মেলনে গর্ভধারণ থেকে শুরু করে শিশুর বয়স দুই বছর হওয়া পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একে বলা হচ্ছে ‘১০০০ স্বর্ণদিন’। একাধিক আলোচক বলেন, অপুষ্টির শিকার মা অপুষ্ট শিশুর জন্ম দেন। সেই শিশুর অপুষ্টি সহজে যায় না। সে কন্যা হলে আবারও অপুষ্ট শিশুর জন্ম দেয়। এটা একটা দুষ্টচক্র। অপুষ্টি দূর করতে হলে এই চক্র ভাঙার জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি।