
ত্রিকোণ ঘরের দেয়ালের রং কালো। নানা আকৃতির ফোম সাঁটা হয়েছে দেয়ালে। ছাদের সঙ্গে ঝুলছে একটি উজ্জ্বল গোলাকার বাতি। নিবিষ্ট মনে মিস্ত্রিদের কাজ দেখিয়ে দিচ্ছেন কেনজি তাকাহাসি। লন্ডনভিত্তিক শিল্পী হারুন িমর্জার বহুল আলোচিত ‘দ্য ন্যাশনাল এপ্যাভিলিয়ন’ স্থাপনের কাজ করছিলেন তিনি। পাশেই প্রস্তুত শিল্পী লিন্ডা বেঙ্গলিসের কুঠুরি। যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এই শিল্পীর কাজের নাম ‘ওয়্যার’। শিশির ভট্টাচার্য্যের ঢাউস একটি চিত্রকর্ম দেয়ালে ঠিকঠাক সাঁটানোর কাজে ব্যস্ত ছিলেন নাদা রেজা। লন্ডনের সুবিখ্যাত টেইট মডার্ন জাদুঘরের সহকারী কিউরেটর তিনি। সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রধান সংগ্রাহক ও শিল্প নির্দেশক ডায়ানা ক্যাম্পবেল সবকিছুর তদারক করছিলেন ব্যস্ত ভঙ্গিতে।
৫ ফেব্রুয়ারি থেকে সামদানী আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় চলবে দক্ষিণ এশীয় শিল্পকর্মের বিশ্বের বৃহত্তম আয়োজন ‘ঢাকা আর্ট সামিট ২০১৬’। গতকাল বিকেলে তারই জোর প্রস্তুতি চলছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। এখানেই চার দিন ধরে চলবে এই আয়োজন।
শিল্পের মহা আয়োজন
দেশ-বিদেশের তিন শতাধিক শিল্পী ও সংগ্রাহকের মিলনমেলায় পরিণত হবে ঢাকা আর্ট সামিট ২০১৬। বাংলাদেশ ছাড়াও গোটা দক্ষিণ এশিয়ার শিল্পী, সংগ্রাহক, স্থপতি ও লেখকেরা এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এরই মধ্যে তাঁদের একটি বড় অংশ পৌঁছে গেছে ঢাকায়। আয়োজনের মধ্যে থাকছে প্রদর্শনী সংকলন, চলচ্চিত্র, প্যানেল আলোচনা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
‘এটা বাংলাদেশের জন্য খুবই গর্বের ব্যাপার যে দক্ষিণ এশীয় আর্টের বৃহত্তম প্রদর্শনীটি হতে চলেছে ঢাকায়। আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, আমাদের পক্ষেও সম্ভব এ রকম সত্যিকার বড় কিছু করার।’ বলছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব সামদানী।
এবারের সামিটে থাকছে ১৭টি একক উপস্থাপনা। এর মধ্যে থাকছে বাংলাদেশের সুমন আহমেদ, মুস্তাফা জামান, ভারতের শকুন্তলা কুলকার্নি, প্রভাবতী মেপ্পাইলর শিল্পকর্ম।
এস এম সুলতান থেকে মাজহারুল ইসলাম
ঢাকা আর্ট সামিটে বড় আকর্ষণের মধ্যে থাকছে এস এম সুলতান, রশীদ চৌধুরী, শফিউদ্দিন আহমেদের মতো বড় মাপের শিল্পীদের দুর্লভ চিত্রকর্মের প্রদর্শনী। দ্য মিসিং ওয়ান বিভাগে থাকছে উপমহাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম দিকপাল গগেন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম।
লন্ডনের টেইট মডার্ন ছাড়াও এবারের সামিটে কাজ করছেন নিউইয়র্কের গগেনহাইম, প্যারিসের সেন্টার পমপিডুর মতো বিশ্বখ্যাত জাদুঘরের কিউরেটররা। সামিটে ‘আর্কিটেকচার ইন বাংলাদেশ’ অংশটি রাখা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি স্থপতি মাজহারুল ইসলামকে মাথায় রেখে। এখানে থাকবে বাংলাদেশের স্থপতিদের কাজ।
১৯৮০ সালের আগের ভারতীয় উপমহাদেশের শিল্পীদের কাজের ধারা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবারের আর্ট সামিটে প্রথমবারের মতো চালু হওয়া রিওয়াইন্ড বিভাগে।
সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা নাদিয়া সামদানী বলছিলেন, ‘বাংলাদেশে শিল্পকর্মের এ রকম একটি বড় আয়োজন হচ্ছে, এটি সত্যিই খুব আনন্দের ব্যাপার। আমাদের দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও গবেষণার ফল ঢাকা আর্ট সামিট। আমরা চাই বিশ্বের সব বড় আর্ট গ্যালারি ঘুরে দেখার অনুভূতি দর্শক যেন এবারের ঢাকা আর্ট সামিট থেকে পান।’
৫ ফেব্রুয়ারি উদ্বোধন
৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হবে ঢাকা আর্ট সামিট ২০১৬-এর উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।