দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায়। এ অঞ্চলের দেড় শ কোটি মানুষের স্বার্থেই খোলা মনে এগিয়ে এসে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।গতকাল শনিবার ঢাকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতাবিষয়ক এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন। জাতীয় প্রেসক্লাবে বজলুর রহমান ফাউন্ডেশন ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘অসহযোগিতার মূল্য যে কত বড়, তার ভুক্তভোগী বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন আমাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন, ভারতের নয়। বর্তমান সরকার সে কাজটিই করছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে আঞ্চলিক সম্ভাবনার নতুন যে দিগন্ত উন্মোচিত হয়েছে, তা কাজে লাগাতে বিরোধী দলের প্রয়োজনীয় সহযোগিতার প্রয়োজন রয়েছে।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একা তো চলাই যায়, কিন্তু তাতে খুব বেশি অগ্রসর হওয়া যায় না। এত দিন একা চলেছি বলেই আমরা পিছিয়ে আছি। আমাদের যেমন সমস্যা আছে, তেমনি সম্ভাবনাও আছে। নিজেদের সেই সম্ভাবনাকে দ্রুত কাজে লাগাতে হলে অন্য দেশের সহযোগিতার বিকল্প নেই।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘অতীতে অসহযোগিতার জন্য আমাদের মতো দেশের ক্ষতি বহন করতে হয়েছে। সামনের দিনগুলোতে অনাস্থা ও অবিশ্বাস কাটিয়ে উঠে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে হবে।’টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো সাম্প্রদায়িকতা, দারিদ্র্য ও জঙ্গিবাদ—এই তিন ধরনের বোমার ওপর দাঁড়িয়ে আছে। এর ফলে দেশগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা ও আস্থাহীনতা জন্ম নিয়েছে। এ থেকে বেরিয়ে আসতে দৃষ্টিভঙ্গিগত ও রাজনৈতিক চেতনার পরিবর্তন আনা প্রয়োজন।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে ভারতীয় বাজার ধরার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারত প্রতিবছর প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশকে ভারতের এই বৃহত্তর বাজার ধরতে হবে।বেসরকারীকরণ কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সেটি দীপ্যমান রাখতে হলে অনেক কাঠ, খড় ও কেরোসিন পোড়াতে হবে।বিকেএমইএর সভাপতি ফজলুল হক বলেন, ‘ভারতের প্রতিবছর প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাকের প্রয়োজন হয়, যা ভারতের একার পক্ষে মেটানো সম্ভব নয়। তাই এই বাজারে আমাদের প্রবেশ করা প্রয়োজন।’ চট্টগ্রাম বন্দর ব্যবহারের ফলে পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে বাংলাদেশ বাজার হারাবে—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আমাদের অনেক শক্তিশালী অবস্থান রয়েছে। অতএব কোনো রাজ্যের জিম্মি করে বাণিজ্য করার প্রয়োজন নেই।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফা ফারুক মোহাম্মদ, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং নিউএজ সম্পাদক নূরুল কবীর।সভাপতির বক্তব্যে বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও প্রগতিশীল গণতন্ত্রের প্রতি অবিচল ও আস্থাশীল দৈনিক সংবাদ-এর প্রয়াত সম্পাদক বজলুর রহমান এ অঞ্চলের নাগরিকদের জন্য একটি নতুন দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্ন দেখতেন।