দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল গত বছর। মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, জ্বালানির সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অভাবই এর জন্য দায়ী। তবে চলতি বছর এ ক্ষেত্রে গতি আসবে বলে আশা করা হচ্ছে।‘বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং ২০১৩-এর সম্ভাবনা’ শীর্ষক জাতিসংঘের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সম্মিলিতভাবে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৪ শতাংশ যা, গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে সবার চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। গত বছরে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। এর পরেই ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ভারতে গত বছর প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির এই বেহাল দশার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত ও অন্যান্য উন্নয়নশীল দেশে অর্থনৈতক মন্দার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রপ্তানির গতি মন্থর হয়ে পড়েছে।এরপর বাংলাদেশের প্রবৃদ্ধির হার মোটামুটি ভালো ছিল যে কারণে তা হলো, বেসরকারি খাতে বিনিয়োগ জোরদার হওয়া এবং ধারাবাহিকভাবে রেমিট্যান্স-প্রবাহ বৃদ্ধি। চলতি বছরের পূর্বাভাসে বলা হয়েছে, এ বছরও এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। তাদের প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ যথারীতি দ্বিতীয় অবস্থানে থাকবে। আগের বছরের চেয়ে দশমিক ১ শতাংশ বেশি অর্থাৎ ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি আসতে পারে। আর ভারতের ক্ষেত্রে এ বছর বেশ উন্নতি হতে পারে। তাদের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ১ শতাংশ।২০১৩ সালে সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি গত বছরের চেয়ে দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ এ বছর এই অঞ্চলের প্রবৃদ্ধির হার হতে পারে ৫ শতাংশ। সূত্র: জাতিসংঘ প্রতিবেদন।