দক্ষিণ এশিয়ার নারী সাংসদদের মূল ধারার রাজনীতিতে আরও সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে রাজধানীতে গতকাল রোববার আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার নারী সাংসদদের এই আঞ্চলিক সম্মেলন তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (ইউএসএআইডি), দি এশিয়া ফাউন্ডেশন এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (ইউকেএইড) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘উইমেন লিডিং ফর জেন্ডার রেসপনসিভ গভর্নন্যান্স’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার প্রায় ১০০ জন নারী সাংসদ অংশ নিচ্ছেন। সংসদ বিশেষজ্ঞ এবং সুশীল সমাজ, সরকার, এনজিও এবং দাতাগোষ্ঠীর প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন। সম্মেলন শেষ হবে ১১ জুলাই।সম্মেলনের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৯ জন নারী সরাসরি নির্বাচিত হন ও ৪৫ জন সংরক্ষিত আসনে মনোনয়ন পান। সাংসদদের ১৯ শতাংশ নারী। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদ উপনেতা এবং গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন নারীরা। সব মিলিয়ে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ‘পাইওনিয়ার’ বা পথপ্রদর্শক।সম্মেলনের বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজনীতিতে নারী নেতৃত্ব বিকশিত হয়েছে। নারীরা কোনো ক্ষেত্রেই বাধার সম্মুখীন হচ্ছেন না।উদ্বোধনী পর্বে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক লো বলেন, এ ধরনের সম্মেলন নারী সাংসদদের মত ও অভিজ্ঞতা বিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করবে। ইউএসএআইডির জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেনস এমপাওয়ারমেন্টের জ্যেষ্ঠ সমন্বয়ক কারলা কোপেলও বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই সরকার গঠনে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পথপ্রদর্শক।দি এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী সহসভাপতি সুজানে সিসকেল বলেন, এ সম্মেলনের মাধ্যমে আঞ্চলিক নেটওয়ার্ক ও একটি সচিবালয় গঠন করে ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হবে। বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর রহমান বলেন, চার দিনব্যাপী সম্মেলন শেষে প্রতিটি দেশের জন্য নারী নেতৃত্ব জোরদার করার কর্মকৌশল তৈরি করা হবে।