দক্ষিণ এশিয়ায় মানবাধিকার ভূলুণ্ঠিত: এসএএইচআর

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। ফলে উগ্রবাদ, চরমপন্থা ও অসহিষ্ণুতা বেড়ে চলেছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (এসএএইচআর) নেতারা এসব মন্তব্য করেন।
দক্ষিণ এশিয়ার সুশীল সমাজের মধ্যে আঞ্চলিক শান্তি ও সংহতির বার্তা নিয়ে গত শনিবার দুদিনের শান্তি মিশনে আসেন এসএএইচআরের সদস্যরা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসএএইচআরের চেয়ারপারসন পাকিস্তানের নাগরিক হিনা জিলানি বলেন, দক্ষিণ এশিয়ায় বহুমাত্রিকতাকে অস্বীকারের ফলে যে বিভাজন তৈরি হচ্ছে, তাতে জনগণের স্বার্থ অনেক ক্ষেত্রেই দেখা হচ্ছে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান এসব দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একাত্তর প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছেন দেশটির নাগরিকদের একটি বড় অংশ। বাংলাদেশের মুক্তিকামী মানুষের লড়াই পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে পাকিস্তানি নাগরিকদের কথা বলার সাহস জুগিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় এসএইচআর ব্যুরো সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, দক্ষিণ এশিয়ায় সংঘাতময় পরিস্থিতি নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দেশগুলোতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ ভূলুণ্ঠিত হচ্ছে। বেড়ে চলছে উগ্রবাদ বা চরমপন্থা, অসহিষ্ণুতা।
সুলতানা কামাল তাঁর বক্তব্যে বলেন, ‘শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য আমাদের যে প্রত্যাশা, সে ক্ষেত্রে আশানুরূপ কিছু হয়নি।’ বাংলাদেশের এই মানবাধিকারকর্মী বলেন, ‘আমাদের অনেক অগ্রগতি আছে। কিন্তু আমরা যা চেয়েছি তার কিছুই মানসম্মত অবস্থায় পাইনি। এ জন্য আমাদের অনেক দূর যেতে হবে।’
বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সহায়তায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের নাজিশ আতাউল্লাহ, মালদ্বীপের মোহাম্মদ লতিফ ও আমিনা জামিল, শ্রীলঙ্কার সিতারা শিরীন, আনুশাহ কল্যুর ও দীক্ষা ইলাংগাসিঙ্গে, নেপালের ধর্মিতা মিজার, বাংলাদেশের সাদেকা হালিম ও আসিফ নজরুল।