চাঁপাইনবাবগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত
দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক-উন্নয়নের চেষ্টা ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত ইতিবাচক।গতকাল সোমবার চাঁপাই-নবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।এর আগে গতকাল সকালে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড্যান মজিনা বলেন, দক্ষিণ এশিয়ার সম্পর্ক-উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা উদাহরণ হতে পারে। তা ছাড়া এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারেও বাংলাদেশ অবদান রাখছে বলে জানান তিনি।চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে মার্কিন রাষ্ট্রদূত জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন পরিদর্শন করেন।