দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত প্রয়াসের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত প্রয়াস গ্রহণ এবং এ অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে দারিদ্র্য দূরীকরণে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন। গান্ধী আশ্রম স্ট্রাস্ট ও সাউথ এশিয়ান পিস ইয়ুথ ক্যাম্পের প্রতিনিধিরা গতকাল শুক্রবার বিকেলে গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। প্রত্যেক দেশের সার্বভৌমত্ব বজায় রেখে দারিদ্র্য দূর করতে একসঙ্গে কাজ করতে চাই।’ শেখ হাসিনা বলেন, ‘আমার সরকারের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা। মানুষের জীবনের মান উন্নত করা।’ট্রাস্টের সভাপতি গৌর গোপাল সাহা, মহাসচিব ঝরণা ধারা চৌধুরী এবং নোয়াখালীতে মহাত্মা গান্ধী সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা ও ক্যাম্প পরিচালক এস এন সুভা রাওজি এ সময় বক্তব্য দেন।শেখ হাসিনা বলেন, সব ধর্মের মূলমন্ত্র হলো শান্তি প্রতিষ্ঠা করা। তিনি বলেন, তাঁর সরকার এ দেশের সব ধর্মমতের মানুষের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।পরে শেখ হাসিনাকে উত্তরীয় উপহার দেওয়া হয়। শেখ হাসিনা সাউথ এশিয়ান পিস ইয়ুথ ক্যাম্পের কর্মকাণ্ডের প্রশংসা করেন। ১৯ ডিসেম্বর নোয়াখালীর জওরায় পাঁচ দিনব্যাপী সাউথ এশিয়ান পিস ইয়ুথ ক্যাম্প শুরু হয়। এতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৬৯ জন যুবক অংশ নেন। বাসস ও ইউএনবি।