দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি নগরায়ণ বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার মধ্যে গত পাঁচ দশকে বাংলাদেশে নগরায়ণের হার সবচেয়ে বেশি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রতিবছর নগরে বসবাসকারীর সংখ্যা বেড়েছে ৬ শতাংশ হারে। এর সঙ্গে পাল্লা দিয়ে নগরে বেড়েছে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা।
রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে গতকাল শনিবার নগর দারিদ্র্য বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী দিনে এসব তথ্য তুলে ধরা হয়। দুই দিনব্যাপী সেমিনারটির আয়োজন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।
সেমিনারে বক্তারা বলেন, উন্নয়ন প্রক্রিয়ার অবধারিত বৈশিষ্ট্য হচ্ছে নগরায়ণ। নগর ও গ্রামের আয়বৈষম্যের কারণে শহরে অভিবাসন বেশি হচ্ছে। বসবাস অযোগ্য শহরের তালিকার নিকৃষ্টতম স্থান থেকে উত্তরণ ঘটাতে হলে ঢাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের বিকল্প নেই।
গতকাল সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান। এই পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সেক্টর ম্যানেজার মিং ঝ্যাং। তাতে বলা হয়, বাংলাদেশের মোট জিডিপির ৬০ শতাংশ আসে নগর থেকে। জিডিপিতে শুধু ঢাকার অবদান ৩৬ শতাংশ। ১৯৯১ থেকে ২০১০ সালের মধ্যে বাংলাদেশের নগরে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ২০ লাখ। একই সময়ে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কমেছে ৯০ লাখ।
এই পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক জন উইলিয়াম টেইলর, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের অধ্যাপক ডেভিড হিউম ও হোসেন জিল্লুর রহমান। সেমিনারে পিপিআরসি ও বিবিএসের ‘আরবান স্পেকট্রাম: মেট্রোপলিটন টু মফস্বল’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভিডিও বার্তায় বলেন, শহর এত মানুষ ধারণ করতে পারবে না। জনগণ শহরে যে সুবিধা পাবে সরকার সেই সুবিধা গ্রামাঞ্চলে দেওয়ার চেষ্টা করছে। কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে। এসব ব্যবস্থা করা হলে শহরে আসার যে প্রতিযোগিতা, তা কমবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শহর এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখনো তীব্র দারিদ্র্য রয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হলে নগর দারিদ্র্য অবশ্যই নির্মূল করতে হবে। এই পর্বে আরও বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এম কে মুজেরি। এ পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ মনিকা ইয়ানেজ পাগানস, বিবিএসের প্রকল্প পরিচালক দীপঙ্কর রায় প্রমুখ।
‘নগর দারিদ্র্য: সেবা পাওয়ার সুযোগ’ শীর্ষক পর্বে সভাপতিত্ব করেন ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের সভাপতি অধ্যাপক সেকান্দার খান। পিপিআরসির জ্যেষ্ঠ রিসার্চ ফেলো লিয়াকত আলী চৌধুরী তাঁর প্রবন্ধে বলেন, ঢাকা শহরের ৭০ শতাংশ বাসিন্দা ভাড়া বাড়িতে থাকেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ তাঁর প্রবন্ধে বলেন, আবদুল্লাহপুর থেকে রামপুরা হয়ে সায়েদাবাদ পর্যন্ত পথের দূরত্ব ২১ কিলোমিটার। এই পথে যানবাহনের গড় গতি ৭ কিলোমিটার। অর্থাৎ এই দূরত্ব পেরোতে তিন ঘণ্টা লাগছে।
আলোচনায় অংশ নিয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, রাজধানীতে বস্তির বাসিন্দারা অন্য বাসিন্দাদের চেয়ে বেশি বাসা ভাড়া দেন। বর্তমানে শহরের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার।
আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আবুল কালাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ।
‘বস্তির বাস্তবতা’ শীর্ষক দিনের শেষ পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান তাঁর প্রবন্ধে বলেন, দেশের মোট বস্তির ৫৫ শতাংশই ঢাকায়। বস্তির বাসিন্দারা শহরের পরিকল্পনায় গুরুত্ব পায় না, বাসস্থান ও স্বাস্থ্যসেবার সংকটে থাকে এবং তাদের কর্মসংস্থানের অভাব থাকে।
এই পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব খাদ্য কর্মসূচির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা আফরিন আকতার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের কানেতা জিল্লুর ও ফারহানা রাজ্জাক।
সমাপনী বক্তব্যে নজরুল ইসলাম বলেন, ৪০ বছর ধরে নগর দারিদ্র্য নিয়ে গবেষণা হচ্ছে। কিন্তু তাদের অবস্থার পরিবর্তন হয়নি। নগরের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমূল্যে গৃহায়ণের ব্যবস্থা করতে হবে। দারিদ্র্যবান্ধব নগরায়ণ নীতি নিতে হবে।