দক্ষিণ এশিয়ায় সেরা, বাংলাদেশ গণিত দলকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ দলের ছয় খুদে গণিতবিদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আজ রাজধানীর সিএ ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ২০২১ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আয়োজক হওয়ার আবেদন করবে বাংলাদেশ। যদি বাংলাদেশ আয়োজক হিসেবে সুযোগ পায় তাহলে ওই অলিম্পিয়াডে বাংলাদেশকে শীর্ষ দশে থাকতে হবে। ফলে এখন থেকেই এ জন্য প্রস্তুতি নিতে হবে। আজ শুক্রবার বাংলাদেশ গণিত দলকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
থাইল্যান্ডের চিয়াংমাই শহরে আইএমও তে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়া বাংলাদেশের ছয় খুদে গণিতবিদের দেওয়া এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইএমও তে রৌপ্য পদক বিজয়ী ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের সানজিদ আনোয়ার, ব্রোঞ্জ পদক বিজয়ী একই কলেজের আদিব হাসান, সিলেটের এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাজিদ আখতার তুর্য ও নটরডেম কলেজের সাব্বির রহমান এবং সম্মানজনক স্বীকৃতি পাওয়া বরিশাল জিলা স্কুলের এ এম নাঈমুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পৃষ্টপোষক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ডাচ-বাংলা ব্যাংক শুরু থেকেই গণিত অলিম্পিয়াডের সঙ্গে ছিল। ভবিষ্যতেও থাকবে। গণিত অলিম্পিয়াডে পদক জয়ী শিক্ষার্থীরা যাতে দেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক কায়কোবাদ বলেন, ভারতের গণিতবিদরা সারা দুনিয়া জুড়ে বিখ্যাত। বাংলাদেশের ছেলেরা সেই ভারতকে গণিত অলিম্পিয়াডে পেছনে ফেলতে পেরেছে। তবে এখানে আটকে থাকলে হবেনা। বাংলাদেশকে আরও অনেক দূর যেতে হবে।
বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান বলেন, গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের শুধুমাত্র পুরস্কার পেয়েই সন্তুষ্ট থাকলে হবে না। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গণিতের চর্চা বাড়ানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সামনের দিনে দায়িত্ব আরও বেড়ে গেল। এখন বাংলাদেশের আর পেছনে যাওয়ার সুযোগ নেই। আরও সামনের দিকে এগোতে হবে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার। প্রথম আলো বন্ধু সভা, হিমু পরিবহন, গুগল ডেভেলপার গ্রুপ বাংলা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, মুক্ত আসর, শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করন সমিতি, উইকি মিডিয়া বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির পক্ষ থেকে বিজয়ীদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বুয়েটের সাংস্কৃতিক দল মূর্ছনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।