দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি এবং দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি ইউনিয়ন করার প্রয়োজনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর নাম হবে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন (এসএইইউ)। অর্থমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় যে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর বসবাস, তা অনেক বড় একটা বাজার। অভ্যন্তরীণ এ বাজারকে কাজে লাগানোর জন্যও এসএইইউ গঠন জরুরি। এটি গঠিত হলে সার্কভুক্ত দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালু হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার পঞ্চম সার্ক অর্থমন্ত্রী ও অর্থসচিবদের আলাদা সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থসচিব মোহাম্মদ তারেক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক-বিষয়ক মহাপরিচালক সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার এ সময় উপস্থিত ছিলেন। রোববার ও সোমবার দুই দিনব্যাপী এ সম্মেলনে সার্কভুক্ত সব দেশেরই অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ভারতের ছিলেন শুধু অর্থ প্রতিমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, ২০০৫ সালে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনেই এসএইইউ গঠনের প্রথম চিন্তা করা হয়। সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোয়াপ ব্যবস্থাপনার একটি কাঠামো চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা বাস্তবে রূপ নেবে বলে জানান মুহিত। এতে আগে দেশগুলোর দেনা-পাওনার চিত্র দেখা হবে। কেউ যদি অসুবিধায় থাকে, তাহলে তাকে সহযোগিতা করা হবে। এ প্রস্তাবটি ভারতের পক্ষ থেকে এসেছে। ট্রানজিট বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে। এ বিষয়ে গঠিত কোর কমিটির প্রতিবেদনটি তৈরিতে কিছুটা সময় লেগে গেছে। তিনি বলেন, ‘যেসব দেশের সঙ্গে ট্রানজিট করব, এখন তাদের সঙ্গে শেয়ার করছি। আগামী মার্চের আগেই সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব।’