ঢাকা থেকে কেরানীগঞ্জে বন্দী স্থানান্তর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নিয়ে গাড়ি এসে পৌঁছেছে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মনিরুল আলম
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নিয়ে গাড়ি এসে পৌঁছেছে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মনিরুল আলম

ঢাকা কেন্দ্রীয় কারাগার আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হচ্ছে। সকাল থেকে বন্দী স্থানান্তর শুরু হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকা ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একজন কারা কর্মকর্তা বলেন, সকাল ছয়টা থেকে বন্দী স্থানান্তর করা হচ্ছে। সকাল আটটা পর্যন্ত প্রিজন ভ্যানে করে কয়েক দফায় এক হাজারের বেশি বন্দীকে স্থানান্তর করা হয়েছে।

কারা সূত্র জানায়, ছয় হাজারের বেশি বন্দীকে আজ ও কাল শনিবার একযোগে স্থানান্তর করার কথা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারটি পরিত্যক্ত হবে।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পাহারা। ছবি: জাহিদুল করিম
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পাহারা। ছবি: জাহিদুল করিম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কারাগারের দাপ্তরিক আসবাব আগেই কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে তিনি ও কারাধ্যক্ষ নতুন কারাগারে দায়িত্ব পালন করবেন।

বন্দী স্থানান্তরের আয়োজন নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কঠোর নিরাপত্তায় আজ সকাল ছয়টা থেকে প্রিজন ভ্যানে করে বন্দীদের রাজেন্দ্রপুরের কারাগারে নিয়ে যাওয়া হবে। ডিএমপির দুই হাজার পুলিশের বাইরে ঢাকা জেলার পুলিশের অন্তত ৬০০ সদস্য এই বহরের নিরাপত্তা দেবেন। এতে র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অংশ নেবে। বন্দী স্থানান্তরের সময় রাজধানীর নাজিমউদ্দিন রোড থেকে পোস্তগোলা হয়ে রাজেন্দ্রপুরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গাড়ির জানালার ফাঁকে বন্দী। ছবি: মনিরুল আলম
গাড়ির জানালার ফাঁকে বন্দী। ছবি: মনিরুল আলম

ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, স্থানান্তর উপলক্ষে ইতিমধ্যে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার সূত্র জানায়, নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নারী ও দুর্ধর্ষ জঙ্গিদের এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানান্তরের প্রক্রিয়া শেষ হলে কাশিমপুর কারাগার থেকে তাঁদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নিয়ে যাওয়া হবে।

কারাগারের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মকর্তা। ছবি: মনিরুল আলম
কারাগারের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মকর্তা। ছবি: মনিরুল আলম

নাজিমউদ্দিন রোডের ১৭ একর জমিতে ১৭৮৮ সালে গড়ে ওঠা পুরোনো কারাগার ভবনটিতে বন্দী ধারণক্ষমতা ২ হাজার ৮২৬ জন। স্থানান্তরের আগে সেখানে ছয় হাজারের বেশি বন্দী ছিলেন।

কেরানীগঞ্জের নতুন কারাগার ভবন দাঁড়িয়ে আছে ১৯৪ একরের বেশি জমির ওপর। ধারণক্ষমতা পাঁচ হাজার হলেও আট হাজারের মতো বন্দী থাকতে পারবেন।

আরও পড়ুন: