দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু শতাধিক তরুণ রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ের সামনে অনশন করেছেন। বিদেশ যেতে না পেরে গতকাল সোমবার সকালে অনশন শুরু করেন তাঁরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা বিকেলে অনশন ভাঙেন। তরুণেরা জানান, ভাষা পরীক্ষায় উত্তীর্ণসহ সব প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও তাঁরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। একমাত্র সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল এ ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। উল্টো তাদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন তাঁরা। তাই তাঁরা সকাল থেকে মানববন্ধন শুরু করেন। ২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এর ফলে দক্ষিণ কোরিয়া প্রতিবছর আট থেকে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয়। তবে এজন্য কর্মীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেওয়া হয়। আরিফুজ্জামান, মোরশেদুল হাসান, সাইফুল হাসানসহ আরও অনেকে জানান, দুই দফা ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজার তরুণ। স্বাস্থ্য পরীক্ষাসহ তাঁদের সব কিছু চূড়ান্তও হয়। কথা ছিল, দুই-তিন মাসের মধ্যে তাঁরা দক্ষিণ কোরিয়া চলে যাবেন। কিন্তু প্রথম ব্যাচে উত্তীর্ণ দুই হাজার ৮৫০ জনের মধ্যে এখনো ৫৪৯ জন সেখানে যেতে পারেননি। এ ছাড়া দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণ পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজারই এখনো অপেক্ষায় আছেন। দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করেও তাঁরা যেতে পারছেন না। ইতিমধ্যে তাঁদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা বারবার বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। এর আগে মার্চ মাসে তাঁরা বিক্ষোভ করেন। এ বিষয়ে যোগাযোগ করলে বোয়েসেলের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনশনকারীদের সঙ্গে কথা হচ্ছে। তাঁদের সবকিছু বোঝানো হচ্ছে। এই তরুণেরা বিদেশে যেতে পারছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, এটি দক্ষিণ কোরিয়ার ব্যাপার। তাঁরা সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের কিছুই করার নেই।