দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুকেরা অনশন ভেঙেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া যেতে না পেরে অনশন শুরু করা ৪০৪ জন তরুণের অনশন ভাঙিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। গতকাল শনিবার দুপুর ১২টায় সচিব গিয়ে তাঁদের অনশন ভাঙান।সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের অব্যবস্থাপনার কারণে কোরিয়া যেতে পারছেন না—এমন অভিযোগে এ ৪০৪ জন তরুণ ৪ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করেন।অনশনকারী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সরকার তাঁদের দাবি মেনে নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তাঁরা অনশন ভেঙেছেন।অনশনকারী তরুণেরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য ভাষা পরীক্ষার প্রয়োজন হয়। সে অনুযায়ী তাঁরা ভাষা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। এরপর সব প্রস্তুতি শেষ করে তাঁরা কোরিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও তাঁরা যেতে পারেননি। এর মধ্যে ২৩৭ জনের ভাষা পরীক্ষার ফলের মেয়াদ পেরিয়ে যায়। কিন্তু তার পরও তাঁরা যেতে পারছেন না। এ ছাড়া দক্ষিণ কোরিয়াগামীদের তালিকা থেকে আরও ১৬৭ জনকে বাদ দেওয়া হয়েছে। এ ৪০৪ জন আমরণ অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন।