দক্ষিণ কোরিয়া যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ৪৯৩ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক ৪৯৩ জন তরুণ তাঁদের সমস্যা সমাধান করে দ্রুত সে দেশে পাঠানোর দাবি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন, একমাত্র সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসল) দুর্নীতির কারণে তাঁরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। সমস্যা সমাধানে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। এতে বক্তব্য দেন জাহিদ আল-মামুন। হুমায়ুন কবির, শাহ আলম, জাহাঙ্গীরসহ দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক অর্ধশত তরুণ এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৮ সালের অক্টোবরে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসল) দক্ষিণ কোরিয়ায় লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করে। এরপর লটারি এবং পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় ব্যাচে মোট পাঁচ হাজার ২০০ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। কথা ছিল দুই থেকে আড়াই মাসের মধ্যে তাঁরা দক্ষিণ কোরিয়া যাবেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও তাঁদের সেখানে পাঠানো হয়নি। সম্প্রতি বোয়েসল বলছে, দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়েছে। জাহিদ আল-মামুন বলেন, দুই বছর ধরে তাঁরা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিয়মিত বোয়েসলে যোগাযোগ করেছেন। এর মধ্যে ২০১০ সালের ১ নভেম্বর বোয়েসল কর্তৃপক্ষ ৪২৭ জনের একটি তালিকা প্রকাশ করে তাঁদের ওই বছরের ৯ নভেম্বরের মধ্যে নতুন পাসপোর্ট জমা দিতে বলে। অন্যথায় তাঁরা বিদেশে যেতে পারবে না বলে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট জমা দেওয়া হলেও গত ১৯ ডিসেম্বর বোয়েসল ৪৯৩ জনের একটি তালিকা প্রকাশ করে জানিয়ে দেয় দক্ষিণ কোরিয়া তাঁদের তালিকা থেকে বাদ দিয়েছে। কারণ ছাড়াই ৪৯৩ জনকে বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার নয়। বক্তারা অভিযোগ করে বলেন, বিষয়টি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও সমাধান হচ্ছে না। তাই এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।