দক্ষিণ কোরিয়াগামী তরুণদের বোয়েসেল কার্যালয়ে বিক্ষোভ
রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ে বিক্ষোভ করেছেন দক্ষিণ কোরিয়াগামী প্রায় ২০০ তরুণ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাঁরা সেখানে বিক্ষোভ করেন। পরে তাঁরা মিন্টো রোডে পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গিয়ে সমবেত হন। সেখানে তাঁরা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।বিক্ষোভকারীরা জানান, ভাষা পরীক্ষায় উত্তীর্ণসহ সবকিছু চূড়ান্ত হওয়ার পরও প্রায় দুই বছর ধরে তাঁরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। সরকারি একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল এ ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। উল্টো তাদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন তাঁরা। ২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর দক্ষিণ কোরিয়া প্রতিবছর প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীদের মধ্যে আরিফুজ্জামান, মোরশেদুল হাসান, সাইফুল হাসানসহ আরও অনেকে জানান, দুই দফায় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজার তরুণ। স্বাস্থ্য পরীক্ষাসহ তাঁদের সবকিছু চূড়ান্তও হয়। কথা ছিল, দুই-তিন মাসের মধ্যে তাঁরা দক্ষিণ কোরিয়া চলে যাবেন। কিন্তু গত আড়াই বছরে মাত্র ৪৫০ জন সেখানে গেছেন। বাকিরা দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করেও যেতে পারছেন না। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা বারবার বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। এপ্রিলের মধ্যে সমস্যার সমাধান না হলে তাঁরা অনশনসহ কঠোর কর্মসূচি দেবেন। বোয়েসেলের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা কিছু দাবি নিয়ে এসেছেন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের বিদেশে যেতে দেরি হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া এ বছর কত লোক নেবে, তা এখনো ঠিক করতে পারেনি। সেটি চূড়ান্ত হলেই তাঁরা বিদেশে যেতে পারবেন।