দক্ষিণ কোরিয়ায় এ বছর বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়বে: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ায় এ বছর বাংলাদেশি শ্রমিক নিয়োগের সংখ্যা গত বছরের তুলনায় বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিউল সফরের সময় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে।ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তে ইয়াং চো গতকাল মঙ্গলবার সকালে দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রধানমন্ত্রীর আসন্ন সিউল সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ মে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।রাষ্ট্রদূত চো জানান, দক্ষিণ কোরিয়ার বিদেশি শ্রমিক নিয়োগ কর্মসূচি ইপিএসের (এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম) আওতায় এ বছর বাংলাদেশসহ ১৫টি দেশের ২৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। গত বছরের তুলনায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের কোটা এ বছর বাড়ছে।বাংলাদেশ থেকে এ বছর কত শ্রমিক নেওয়া হবে—প্রশ্ন করা হলে তিনি জানান, শীর্ষ বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।রাষ্ট্রদূত চো বলেন, ‘বাংলাদেশ সরকারের তার দেশের শ্রমিকের ভাবমূর্তি তুলে ধরতে কাজ করা উচিত। তাহলেই আমরা এ দেশ থেকে বেশি শ্রমিকের কাজের ব্যবস্থা করতে পারব।’চো বলেন, আলোচনা শেষে উন্নয়ন-সহায়তা, পরিবেশ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে।দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘ইপিজেডটি চালু হলে শুধু দক্ষিণ কোরিয়াই নয়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা শিল্প-প্রতিষ্ঠান চালুর সুযোগ পাবেন। এতে প্রায় সাড়ে তিন লাখ লোকের কর্মসংস্থান হবে। রপ্তানি আয় হবে প্রায় ১২৫ কোটি ডলার। তাই আমরা অতীতের কথা বলে সময় নষ্ট করতে চাই না। কারণ, সিদ্ধান্তের ১৫ বছর পর এসে আমাদের বাস্তবায়ন-প্রক্রিয়ায় গতি আনতে হবে।’