দক্ষিণ কোরিয়ায় সব প্রবাসী বাংলাদেশি বৈধতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সরকার সে দেশে বসবাসকারী সব প্রবাসী বাংলাদেশিকে বৈধতা দেবে এবং তাঁদের ব্যাপারে সর্বোচ্চ যত্নশীল হবে। কোরিয়া সরকারের ‘নলেজ অব ইকোনমি’ মন্ত্রী গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে এ নিশ্চয়তা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। খবর বাসসের।কোরিয়ার মন্ত্রী তাঁর দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, তাঁরা পরিশ্রমী ও সৎ। প্রধানমন্ত্রী এ নিশ্চয়তা দেওয়ার জন্য কোরিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, সে দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বৈধতার ক্ষেত্রে কোরিয়ার সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।শেখ হাসিনা বলেন, কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ করে ব্যাপক লাভবান হতে পারে। কারণ, বর্তমান সরকার দেশে বিনিয়োগের আদর্শ পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য ও তৈরি পোশাক আমদানি করার জন্য কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে এবং দ্রুত দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ককে সার্বিক বন্ধুত্বের স্তরে উন্নীত করতে চায়। তিনি গতকাল সোমবার সিউলে জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) তাঁর সম্মানে পররাষ্ট্র, বাণিজ্য ও একত্রীকরণ-বিষয়ক কমিটির সভাপতি পার্ক জিনের দেওয়া নৈশভোজে বক্তৃতাকালে এ কথা বলেন।অনুষ্ঠানে বক্তৃতাকালে শেখ হাসিনা আগামী দিনগুলোতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে কমিটির সহযোগিতা চান এবং বিশ্বব্যাপী গণতন্ত্রের উন্নয়নে বাংলাদেশের সহযোগী হতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান।ভানুয়াতুর প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: ভানুয়াতুর প্রধানমন্ত্রী এডওয়ার্ড নাতাপেই গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। এ সময় দুই প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। দুই নেতা বহুদলীয় গণতন্ত্র, কার্যকর পার্লামেন্ট এবং আইনের শাসন ও স্বচ্ছতার ক্ষেত্রে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরিতে করে বিখ্যাত হাং নদী (হাং গাং-কোরীয় ভাষায় গাং অর্থ নদী) পুনরুজ্জীবন প্রকল্প পরিদর্শন করেন।