দক্ষিণ চট্টগ্রামমুখী বাসের টার্মিনাল কর্ণফুলী সেতুর কাছে স্থানান্তরিত
সড়কের দুরবস্থা ও যানজট থেকে মুক্তি পেতে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলামুখী যাত্রীবাহী বাসের টার্মিনাল বহদ্দারহাট থেকে সরিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কর্ণফুলী নতুন সেতুর কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী শাহ আমানত সেতুর পাশে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উড়ালসড়ক নির্মাণের কারণে নগরের বহদ্দারহাট মোড় ও আশপাশের এলাকায় রাস্তাঘাট ভেঙে বড় বড় খাদাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় প্রতিদিন অসহনীয় যানজটের সৃষ্টি হওয়ায় টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কক্সবাজার ও বান্দরবানগামী বাসের টার্মিনাল আগের মতো বহদ্দারহাটে থাকবে। এই বাসের চলাচল একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ নিয়ে সড়ক পরিবহনের নেতাদের সঙ্গে পুলিশ ও চউকের একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়। সড়ক পরিবহন মালিক শ্রমিক গ্রুপের পক্ষে আবুল কালাম আজাদ, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম এবং চউকের চেয়ারম্যান মো. আবদুস ছালাম চুক্তিতে সই করেন। বহদ্দারহাট মোড়ের উড়ালসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নতুন নিয়মে বাস চলাচল করবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী কক্সবাজার, টেকনাফ, বান্দরবান ও বাঁশখালীগামী সব যাত্রীবাহী বাস আগের মতো বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে নবনির্মিত কর্ণফুলী সেতুর ওপর দিয়ে গন্তব্যে যাবে। তবে ফেরার পথে এসব বাস কর্ণফুলী সেতুর পরিবর্তে কালুরঘাট সেতু ব্যবহার করে প্রায় ১৫ কিলোমিটার পথ বেশি ঘুরে বহদ্দারহাটের টার্মিনালে আসবে।ঢাকাসহ অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার ও বান্দরবানগামী চেয়ারকোচ আগের মতো কর্ণফুলী সেতু ব্যবহারের সুবিধা পাবে না। এসব চেয়ারকোচকে বেশ কিছু পথ ঘুরে অক্সিজেন মোড় ও অনন্য আবাসিক এলাকার সড়ক হয়ে কালুরঘাট সেতু ব্যবহার করে আসা-যাওয়া করতে হবে। ফলে চট্টগ্রামের বাইরে থেকে আসা বাসকে আগের তুলনায় ৩০-৩৫ কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে যাতায়াত করতে হবে।এই চুক্তির ফলে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, বরকল, পিএবি ও বাঁশখালী লাইনের বাস, মিনিবাস ও কোস্টার অস্থায়ী ভিত্তিতে কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে অস্থায়ী টার্মিনাল থেকে চলাচল করবে। আগে এসব বাসের টার্মিনাল ছিল বহদ্দারহাটে।ট্রাক, ট্যাংকলরি, ট্রেইলরসহ এ ধরনের যানবাহন কর্ণফুলী সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং বান্দরবান-কক্সবাজারে যাবে। তবে ফিরবে কালুরঘাট সেতু দিয়ে। চুক্তিতে বলা হয়, বহদ্দারহাট টার্মিনালের বাস, মিনিবাস ও কোস্টার শাহ আমানত সেতুর উত্তর পাশে অস্থায়ী টার্মিনালে স্থানান্তরের দিন থেকে বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট পুকুরপাড়, টার্মিনাল সংযোগ সড়ক, নতুন চান্দগাঁও থানা ভবনের সামনে থেকে ছোট আকৃতির গাড়ি নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও থামিয়ে যাত্রী ওঠানামা করতে পারবে না। একইভাবে শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে চলাচলরত গ্রামীণ ফোর স্ট্রোক, হাইচ, সিএনজিচালিত অটোরিকশা ও চাঁদেরহাটের গাড়ি সেতুর দক্ষিণ পাড়ে স্থানান্তরিত হবে। সড়ক পরিবহন নেতা আবুল কালাম আজাদ চুক্তি সইয়ের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, আগামী শুক্রবার থেকে নতুন নিয়মে বাস চলাচল শুরু হবে। শুক্রবার জুমার নামাজের পর বাস চলাচলে নতুন নিয়মের উদ্বোধন করা হবে। জানা যায়, নগরের গুরুত্বপূর্ণ পাঁচটি রাস্তার মোড় বহদ্দারহাট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি উড়ালসড়কের নির্মাণকাজ শুরু করে গত বছরের ডিসেম্বরে। নির্মাণকাজের প্রয়োজনে খুঁড়ে ফেলা হয়েছে বহদ্দারহাট থেকে কর্ণফুলী তৃতীয় সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের প্রায় ৮০০ মিটার অংশ। এই অংশ নিয়ে চট্টগ্রামের বহদ্দারহাট থেকে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, কক্সবাজার ও বান্দরবানমুখী সব যানবাহন চলাচল করে আসছিল।