দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক পরিবহন ধর্মঘট
কক্সবাজারের উখিয়া উপজেলায় এক পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে গতকাল সকাল ছয়টা থেকে আট ঘণ্টা দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে ধর্মঘট পালন করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। তাঁদের আকস্মিক ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারের যাত্রীরা। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের বৈঠকের পর বেলা দুটায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। জানা গেছে, গতকাল পরিবহন ধর্মঘটের কারণে দক্ষিণ চট্টগ্রামের কোনো রুটে যাত্রীবাহী বাস, কোস্টারসহ দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। তবে সিএনজি অটোরিকশাসহ ছোট কিছু যানবাহন চলাচল করেছে। সকাল বেলা গন্তব্যে যাওয়ার জন্য শত শত যাত্রী মহাসড়কে আসেন। শেষ পর্যন্ত যানবাহন না পেয়ে অনেককে বাড়ি ফিরতে হয়েছে। আবার অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশা ও টেম্পোতে করে গন্তব্যে গেছেন। ধর্মঘটের কারণে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। গতকাল ছিল সহকারী শিক্ষা কর্মকর্তা পদে ফরম জমা দেওয়ার শেষ দিন। চট্টগ্রামের সরকারি কর্মকমিশন কার্যালয়ে সরাসরি এই ফরম জমা নেওয়া হচ্ছিল। ধর্মঘটের কারণে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের অনেকে এ ফরম জমা দিতে পারেননি। তেমনি একজন রামুর ফরিদুল আলম। তিনি বলেন, ‘সকালে রাস্তায় এসে দেখি, গাড়ি চলছে না। পরে কিছু দূর সিএনজি অটোরিকশা কিছু দূর পায়ে হেঁটে কোনো মতে চট্টগ্রামে পৌঁছি। কিন্তু ততক্ষণে ফরম জমা নেওয়ার সময় শেষ হয়ে যায়। ফলে পারলাম না।’