বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা
দক্ষিণ চট্টগ্রামে দুই কেন্দ্রীয় নেতা, উত্তরে কেউ নেই
প্রচারণার শেষ মুহূর্তে দক্ষিণ চট্টগ্রামের চারটি পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন দলের দুই কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির কারণে ওই চার পৌরসভার নেতা-কর্মীরাও উজ্জীবিত। কিন্তু বিপরীত চিত্র উত্তর জেলার পাঁচ পৌরসভায়। এগুলোতে যাননি কোনো কেন্দ্রীয় নেতা।অবশ্য উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় নেতারা পরিস্থিতি সামাল দিতে পারলে অসুবিধা কোথায়? আসলে এটা কোনো বিষয় নয়। আমরা উদ্বিগ্ন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে।’ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, উত্তর চট্টগ্রামের সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নিজেই কেন্দ্রীয় নেতা। সেখানে অন্য কেন্দ্রীয় নেতার প্রয়োজন আছে কি?’ দলীয় সূত্র জানায়, শনিবার দিনভর সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। পরদিন রোববার বাঁশখালী বাদে অন্য তিনটি পৌরসভায় দিনভর প্রচারণা চালান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।দলীয় সূত্র জানায়, দক্ষিণ চট্টগ্রামের চারটি পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা হলেন সাতকানিয়ায় মোহাম্মদুর রহমান, বাঁশখালীতে কামরুল ইসলাম হোসাইনী, পটিয়ায় নুরুল ইসলাম ও চন্দনাইশে নুরুল আনোয়ার চৌধুরী। উত্তরের তিন পৌরসভা সন্দ্বীপ, মিরসরাই ও বারইয়ারহাটে বিএনপির বিদ্রোহীরা মাঠে আছেন। সন্দ্বীপে আলমগীর ঠাকুর, মিরসরাইয়ে ফকির আহমদ ও বারইয়ারহাটে মাঈন উদ্দিনকে বিএনপি সমর্থন দিয়েছে। সন্দ্বীপে বিদ্রোহী প্রার্থী হলেন বর্তমান মেয়র ফখরুল ইসলাম, মিরসরাইয়ে আতিকুল ইসলাম লতিফী ও বারইয়ারহাটে জালাল উদ্দিন। রাউজান ও রাঙ্গুনিয়ায় বিএনপির একক প্রার্থী। তাঁরা হলেন আবদুল্লাহ আল হাসান ও এমদাদুল ইসলাম।দক্ষিণ জেলা চট্টগ্রামের ছাত্রদল নেতা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আমাদের কেন্দ্রীয় দুই নেতা দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোয় নেতা-কর্মীরা উজ্জীবিত। বিএনপির সমর্থক আবুল হাসান বলেন, সাতকানিয়ায় জামায়াত-সমর্থিত প্রার্থী জাফর সাদেক নিজেকে চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী বলে দাবি করছিলেন। আসলে মিথ্যাচারের জবাব দিতে মোরশেদ খান ও আবদুল্লাহ আল নোমান সাতকানিয়াসহ দক্ষিণের পৌরসভার প্রচারণা চালান।অভিযোগ পাওয়া গেছে, সাতকানিয়ায় প্রচারণা না চালাতে অজ্ঞাত এক ব্যক্তি গত রোববার বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানকে মুঠোফোনে হুমকি দেন। ওই সময় তিনি সাতকানিয়ার উদ্দেশে চট্টগ্রাম থেকে সড়ক পথে রওনা হন। হুমকি উপেক্ষা করেই তিনি দল-সমর্থিত প্রার্থী মোহাম্মদুর রহমানের পক্ষে গণসংযোগ করেন।নোমান প্রথম আলোকে বলেন, ‘সাতকানিয়ায় পৌঁছার আগ মুহূর্তে আমার মুঠোফোনে একটি কল আসে। অজ্ঞাত ব্যক্তি ফোনে সাতকানিয়ায় না যাওয়ার জন্য বলেন। ফোনটি অবশ্য আমার সফরসঙ্গী একজন রিসিভ করেন। আমি এসবে কান না দিয়ে সাতকানিয়ায় দলের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছি।’উত্তর চট্টগ্রামের তিনটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা করছে দলের কর্মী-সমর্থকেরা। অন্য দুটিতে একক প্রার্থী দেওয়া হলেও তাঁদের পরিচিতি কম বলে কেন্দ্রীয় এক নেতা মন্তব্য করেন। তাই এ পাঁচ পৌরসভায় নির্বাচনী প্রচারণা চালাতে যাননি কেন্দ্রীয় নেতারা।