দক্ষিণ চট্টগ্রামে ১৭ আগস্ট থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
কক্সবাজার ট্রাকমালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদ ১৭ আগস্ট থেকে দক্ষিণ চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাঁচ দফা তুলে ধরে তা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পাঁচ দফার মধ্যে রয়েছে, টেকনাফ স্থলবন্দর থেকে মালামাল পরিবহন আগের মতো সিরিয়াল প্রথা (আগে আসার ভিত্তিতে) অথবা টেকনাফের একটি ট্রাকের বিপরীতে অন্যান্য এলাকার তিনটি ট্রাকে মালামাল পরিবহনের সুযোগ, টেকনাফের ট্রাকমালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদের কার্যালয় দখলমুক্তকরণ, কক্সবাজার শহরকে যানজটমুক্তকরণ, মহেশখালীতে নিবন্ধন বাতিল করা সংগঠনের অবৈধ কার্যক্রম বন্ধ এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ঐক্য পরিষদের আহ্বায়ক ও কক্সবাজার জেলা ট্রাকমালিক গ্রুপের সভাপতি নঈমুল হক চৌধুরী জানান, এক মাস আগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল। কক্সবাজারের জেলা প্রশাসক সমস্যা সমাধানের জন্য এক মাসের সময় নেন। কিন্তু তিনি কোনো সমাধান দিতে না পারায় তাঁরা আবারও ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা ট্রাকমালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, কক্সবাজার ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম, জেলা সড়ক পরিবহন ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।যোগাযোগ করা হলে জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।