দক্ষিণ চট্টগ্রামের ১৯ যাত্রাপথে সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালকের হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি যাত্রাপথে আজ রোববার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার নগরের বাদুরতলায় ইউনিয়নের কার্যালয়ে এক সভা শেষে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৯টি যাত্রাপথে সব ধরনের যাত্রীবাহী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে।আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা প্রথম আলোকে বলেন, বাসচালকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, নিহত চালকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডাকাতিপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।আগামী সাত দিনের মধ্যে এই তিন দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান মোহাম্মদ মুছা।গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার পথের চকরিয়ায় কক্সবাজারগামী তিশা পরিবহনের একটি বাস ডাকাতের কবলে পড়ে। ডাকাতের গুলিতে বাসচালক জসিম উদ্দিন নিহত হন। ডাকাতেরা যাত্রীদের মালামাল লুট এবং চালকের সহকারীকে মারধর করে।