দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে ডাকা পরিবহন ধর্মঘট গতকাল সোমবার দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘট গত শনিবার রাত ১২টা থেকে শুরু হয়েছিল।চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ সাইফুল্লাহর বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা জানান, বৈঠকে মালিক-শ্রমিক পক্ষের দাবিদাওয়া মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার জেলায় গাড়ির চলাচল ও শ্রমিকদের নিরাপত্তা বিধান, দুর্ঘটনার মামলাগুলো প্রচলিত আইনে করা, কোনো দুর্ঘটনায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ঠেকানো ও এই ধর্মঘট চলার সময়ে যদি কোনো মামলা করা হয় অথবা মামলা করার প্রক্রিয়া চলে থাকে, তা প্রত্যাহার করে নেওয়াসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট আহ্বান করেছিল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।