দক্ষিণ চলনবিলের ১৫ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি আটকে রেখে মাছ ধরার কারণে দক্ষিণ চলনবিলের (নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও পাবনার চাটমোহর) প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জমির ধান কাটতে পারছেন না কৃষকেরা। আর জমে থাকা পানি দ্রুত নামতে না পারায় এ অঞ্চলের রবিশস্য আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।এদিকে, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক গিয়ে গত বুধবার দুপুরে দক্ষিণ চলনবিলে জলাবদ্ধতার কারণ চাটমোহর উপজেলার নূরনগরে ‘কিনু সরকারের ধর’ নামে পরিচিত স্লুইসগেটটি খুলে দিয়েছেন।কৃষকদের অভিযোগ, এই স্লুইসগেটটি বন্ধ করে তার সামনে একশ্রেণীর প্রভাবশালী লোক সোঁতি জাল পেতে মাছ ধরায় চলনবিলের পানি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে বিলের পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা। তা ছাড়া সময়মতো বিলের পানি না সরলে এসব জমিতে রসুন, পেঁয়াজ, গম, কালাই, মসুর, সরিষাসহ ইরি-বোরো আবাদ বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে।কৃষক জয়নাল আবেদীন ও হরফ মোল্লা বলেন, স্লুইসগেটটি এ অঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ হলেও সময়মতো এটি খুলে দেওয়া হয় না। স্থানীয় কিছু প্রভাবশালী স্লুইসগেটটি আটকে সোঁতি জাল পেতে মাছ ধরছে। ফলে দক্ষিণ চলনবিলের তিনটি উপজেলার বিস্তীর্ণ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাটমোহরের ঝাঁকড়া গ্রামের আমির হোসেন জানান, কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত রয়েছে। দ্রুত পানিনিষ্কাশন না হলে রবিশস্য আবাদ করতে পারবে না দক্ষিণ চলনবিলের মানুষ।স্লুইসগেটের দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মাহবুবুর রশীদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় তিনি আগে স্লুইসগেটটি খুলে দিতে পারেননি। তবে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) অনুরোধ গেলে পাউবোর কর্মকর্তাদের নির্দেশে ইতিমধ্যে স্লুইসগেটটি খুলে দেওয়া হয়েছে। তবে তিনি শুনেছেন, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা এলাকার কয়েক শ কৃষক স্লুইসগেট এলাকায় এসেছিলেন। তিনি দাবি করেন, নদীতে পানির উচ্চতা স্লুইসগেটের ভেতরের পানির উচ্চতার চেয়ে বেশি হওয়ায় গেট খুলে দিলেও পানি নামছে ধীরগতিতে।চাটমোহর, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা যথাক্রমে রওশন আলম, বাবলু কুমার সূত্রধর ও আবুল খায়ের মোল্লা বলেন, স্লুইসগেটটি সময়মতো খুলে না দেওয়ায় হাজার হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পাকা আমন ধান কাটতে কৃষকের কিছু সমস্যা হলেও ধানের তেমন ক্ষতি হবে না।চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, এলাকার কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্লুইসগেটটি খুলে দেওয়া হয়েছে। তবে সোঁতি জাল দিয়ে মাছ ধরার জন্য জলাবদ্ধতা স্থায়ী করার বিষয়ে তিনি কিছু জানেন না।বর্ষায় গুমানী নদী দিয়ে পানি দক্ষিণ চলনবিলে ঢোকে। অকালবন্যার কবল থেকে বিলের ফসল রক্ষা এবং পানিনিষ্কাশনের জন্য পাউবো ২০০৯-১০ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ স্লুইসগেটটি নির্মাণ করে। স্লুইসগেটটি দিয়ে চাটমোহর, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার প্রায় ১৮-২০ হাজার হেক্টর জমির পানিনিষ্কাশন হয়।