হুয়ানজিয়ান দ্বীপের কর্তৃত্ব নিয়ে চীন শান্তিপূর্ণ সমাধান চাইলেও একটি ‘বৃহৎ রাষ্ট্রের’ মদদে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা ছড়াচ্ছে ফিলিপাইন।গতকাল রোববার ফিলিপাইনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াং ঝাওহুই। দক্ষিণ চীন সাগরের হুয়ানজিয়ান দ্বীপের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইয়াং ঝাওহুই বলেন, হুয়ানজিয়ান দ্বীপের কর্তৃত্ব নিয়ে সম্প্রতি প্রতিবেশী চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত ১০ এপ্রিল সকালে চীনের হাইনানের ১২টি মাছ ধরার নৌকা ওই দ্বীপে প্রবেশ করতে চাইলে ফিলিপাইনের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ পথ রোধ করে। এরপর ফিলিপাইনের নৌবাহিনীর সশস্ত্র সদস্যরা চীনের জেলেদের জিজ্ঞাসাবাদ করে। ওই দিন দুপুরে দ্বীপের কাছাকাছি নিয়মিত টহলে থাকা চীনা সৈন্যদের একটি টহল জাহাজ সেখানে গিয়ে চীনের জেলেদের নিরাপত্তা নিশ্চিত করে। পরদিন ১১ এপ্রিল চীনের মৎস্য কর্তৃপক্ষের একটি জাহাজ জেলেদের নিরাপদে ওই এলাকা ছেড়ে যেতে সহায়তা করে। ওই দিন থেকে ফিলিপাইনের প্রত্নতত্ত্ব বিভাগের একটি জাহাজ হুয়ানজিয়ান দ্বীপ এলাকায় অবৈধ কর্মকাণ্ড চালায়। কিন্তু চীনা কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও জাহাজটি ১৮ এপ্রিল পর্যন্ত ওই এলাকায় অবস্থান করে। ইয়াং ঝাওহুই জানান, ঘটনার পর থেকে চীন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সে দেশের কর্তৃপক্ষ দেশ-বিদেশে এ নিয়ে বিরূপ মন্তব্য করার পাশাপাশি উত্তেজনা ছড়াচ্ছে। এমনকি তারা প্রায় দুই সপ্তাহ ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। এ পরিস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বৈরী পরিবেশের সৃষ্টি করেছে। ইয়াং ঝাওহুই বলেন, ‘আমরা বিশ্বাস করি, ধনী-দরিদ্র কিংবা ছোট-বড় সব দেশ সমান। তার মানে এই নয়, একটি ছোট দেশ (ফিলিপাইন) অন্য একটি “বৃহৎ রাষ্ট্রের” মদদে আরেকটি বৃহৎ দেশকে (চীন) ভয় দেখানোর চেষ্টা করবে।’ বৃহৎ রাষ্ট্র বলতে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলছেন কি না, জানতে চাইলে চীনা দূতাবাসের এই কর্মকর্তা কোনো মন্তব্য করতে অপারগতা জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের অনুসৃত নীতি হচ্ছে সুস্পষ্টভাবে কারও নাম উল্লেখ না করা।