দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার ছাত্রদল ও শিবিরের ১৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতিও আছেন।
গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের প্যারেড মাঠে শিবিরের কর্মী সাকিবুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার পর শিবিরের ১৪ কর্মী-সমর্থককে আটক করা হয়। গায়েবানা জানাজায় শিবিরের হাজার তিনেক নেতা-কর্মী অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন এবং তাঁর দুই সহযোগী সাজ্জাদ হোসেন ও শেফায়েত উল্লাহ ৫ জানুয়ারি নাসিমন ভবন ও কাজীর দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ৫ জানুয়ারি নাসিমন ভবন ও কাজীর দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জসিম উদ্দিন ও তাঁর দুই সহযোগী জড়িত।
এদিকে শিবিরের কর্মী সাকিবুলের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে গতকাল দুপুর থেকে প্যারেড মাঠ এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নেয়। পুলিশের সঙ্গে আলোচনার পর বিকেলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কাউকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। গায়েবানা জানাজার পর শিবিরের নেতা-কর্মীরা চলে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ ১৪ জনকে আটক করে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে কেউ নাশকতার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখছি। নিরীহ কেউ থাকলে ছেড়ে দেওয়া হবে। আসামি কেউ থাকলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘শিবির প্যারেড মাঠে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু আমরা বলেছি, গায়েবানা জানাজা ছাড়া কেউ বক্তৃতা করলে পুলিশ অ্যাকশনে যাবে। আমাদের শর্তে তারা কেবল গায়েবানা জানাজার আয়োজন করে।’