দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমির জাফর সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দক্ষিণ চট্টগ্রামে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটে। এসব ঘটনার পরিকল্পনার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে নগরের কোতোয়ালি থানাধীন মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে জাফর সাদেককে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরারও সদস্য।চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইলতুৎমিশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের মেহেদীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং পাঁচটি মামলা আছে।’এদিকে এক যুক্ত বিবৃতিতে জাফর সাদেককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জামায়াতের নেতারা। দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুমিনুল হক চৌধুরী, চট্টগ্রাম মহানগরের আমির শামসুল ইসলাম, কক্সবাজার জেলার আমির মুহাম্মদ শাহজাহান, উত্তর জেলার আমির মনিরুজ্জামান, মহানগরের সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা নায়েবে আমির মুহাম্মদ ইসহাকসহ নেতারা এই বিবৃতি দেন।রোববার আট ঘণ্টা হরতাল: চট্টগ্রামে আগামী রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। দলের দক্ষিণ জেলার আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার এ হরতালের ডাক দেওয়া হয়।