দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাড়া করছে আতঙ্ক
ভোটের আগের রাতে গতকাল শনিবার নানা সহিংসতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ যশোর-সাতক্ষীরায়। এর প্রভাব পড়ে আজ রোববার ভোটের দিন সকালে। এই দুই জেলার ভোটকেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি ছিল খুব কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার সহিংসতায় ভোটারদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: যশোর-৫ আসনে (মনিরামপুর) নাশকতার আশঙ্কায় ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সহকারী রিটার্নি কর্মকর্তা শরিফ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
যশোর-২ আসনে ঝিকরগাছা উপজেলার লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা ৫০ মিনিট পর্যন্ত তিনজন ভোট দিয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। প্রথম ঘণ্টায় যশোরের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। রাতব্যাপী বোমা ও ককটেল বিস্ফোরণের কারণে আতঙ্কে মানুষ ভোটকেন্দ্রে আসতে সাহস দেখাচ্ছে না বলে তাঁরা জানিয়েছেন।
যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলার লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা ৫০ মিনিটে সরেজমিনে দেখা গেছে, ৫০ মিনিটে সেখানকার দুই হাজার ৬৪৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৮ জন। অপরদিকে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র ছিল একটু ভিন্ন। এ কেন্দ্রের দুই হাজার ৪০০ ভোটারের মধ্যে প্রথম এক ঘণ্টায় ২৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটারেরা জানান, রাতব্যাপী মনিরামপুর, ঝিকরগাছা, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের পাশে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ কারণে ভোট দিতে কেন্দ্রে আসতে তাঁরা সাহস পাচ্ছেন না।
ব্যালট পেপার পোড়ানো, ব্যালট বাক্স ছিনতাই ও কেন্দ্রে ককটেল বিস্ফোরণের কারণে মনিরামপুরের তিনটি ইউনিয়নের ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোজগাতি ইউনিয়নের হুড়গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোজগাতি ইউনিয়ন পরিষদ ও দেলুয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহুরুল হক প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
মনিরামপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে সহিংসতার কারণে। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, কমপক্ষে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বেলা ১১টার দিকে দেবীদাসপুর ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্র তালাবদ্ধ। বাইরে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার চিহ্ন, দেয়ালে ককটেলের আঘাত রয়েছে।
স্থানীয় মশিয়ার রহমান বলেন, সাড়ে ১০টার দিকে কয়েকজন লোক বেশ কয়েকটি মোটরসাইকেলে চড়ে এসে এই কেন্দ্রে অতর্কিত হামলা করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা ব্যালট পেপার কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়। এর পরই ওই প্রিসাইডিং অফিসার ও অন্য কর্মকর্তারা কেন্দ্র বন্ধ করে চলে যান।
সাতক্ষীরা: সাতক্ষীরার দুটি আসনে ভোট গ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়েছে। দুটি আসনে ২৭৭টি কেন্দ্রে এক হাজার ৪১২টি বুথে ভোট গ্রহণ চলছে। এখানে ভোটার সংখ্যা ছয় লাখ ৯৪ হাজার ৪৮৫। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। ভোররাত থেকে জেলার সদর ও তালার ভিন্ন স্থানে শতাধিক ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির। তালার তেলকুপি ও সাধুপাড়া থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা সদর ও তালার কয়েকটি স্থানে ফাঁকা গুলি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, তিনি সকাল আট থেকে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরেছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটার আসছেন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
জেলায় জাতীয় সংসদের চারটি সংসদীয় আসন থাকলেও সাতক্ষীরা-৩ ও ৪ আসনে একক প্রার্থী থাকায় ওই দুটি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।
মাগুরা: সহিংসতার কারণে মাগুরা-১ আসনের পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী কমিউনিটি বিদ্যালয় ও মাগুরা স্টেডিয়ামপাড়া বালিকা আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে একদল লোক এসব কেন্দ্রে হামলা চালায় ও পেট্রলবোমা ছুড়ে মারে। এ ঘটনায় কেন্দ্র চারটি বন্ধ করে দেওয়া হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়া সদর এলাকার ৬ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সকাল সাড়ে আটটা পর্যন্ত একটি ভোটও পড়েনি। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৫০০। ওই সময়ে কেন্দ্রে ভোটারদের কোনো লাইনও ছিল না।
কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে গিয়ে দেখা গেছে, অল্প কয়েকজন মহিলা ভোটার ভোট দিতে গেছেন। তবে তখনো ভোট গ্রহণ শুরু হয়নি। এ ব্যাপারে সহকারী পোলিং অফিসার মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের প্রার্থীর সাতজন পোলিং এজেন্ট গেছেন। তবে বিএনএফের মাত্র দুই পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে গেছেন। তাই ভোট গ্রহণ শুরু হয়নি। এই কেন্দ্রে ভোটার তিন হাজার ১০০।
কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে আছে পাঁচটা বুথ। ভোটার প্রায় সাড়ে চার হাজার। কিন্তু এই কেন্দ্রে আওয়ামী লিগের প্রতিদ্বন্দ্বী বিএনএফের কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি। এ ব্যাপারে বিএনএফ প্রার্থী রকিবুর রহমান খান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শীতের সকাল, লোকজনও খুব অলস, সে জন্যই এখনো যায়নি। এমনিতে কোনো হট্টগোল নেই। নিশ্চয়ই লোকজন যাবে।’
কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম সকাল পৌনে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ‘নির্বাচিত সরকার নাশকতা রোধে কঠোর থেকে কঠোরতর হবে।’ চলমান সহিংসতা দূর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।