দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধমর্ঘটের হুমকি
পুলিশ ও চাঁদাবাজদের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি ২৮ মার্চের মধ্যে পূরণ না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ২৯ মার্চ থেকে পরিবহন ধমর্ঘট পালন করা হবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বুধবার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহনশ্রমিক ফেডারেশন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস। এতে সংগঠনটির সভাপতি ভূষণ ঘোষ, সহসভাপতি জয়নাল আবেদীন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এই সাত দফা দাবি পূরণের জন্য ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরের দিন থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধমর্ঘট পালন করবেন শ্রমিকেরা।